জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহ উপজেলায় জুয়েল মিয়া (৩২) নামে স্বেচ্ছাসেবক লীগের এক কর্মীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত জুয়েল জামালপুর শহরের বামুন পাড়া গ্রামের আব্বাস আলীর ছেলে। সে শহর স্বেচ্ছাসেবক লীগের সদস্য।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, জুয়েলকে শুক্রবার সন্ধ্যায় তিন বন্ধু বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর সে আর বাড়ি ফিরে আসেনি। পরদিন স্থানীয় লোকজন ঝিনাই নদীর পাড়ে মধ্যের চরে তার লাশ পড়ে থাকতে দেখে মেলান্দহ থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নিহত জুয়েলের মামা হেলাল উদ্দিনের দাবী, বাড়ির পার্শ্ববর্তী জুলহাস উদ্দিন জুলুর সাথে তিন বছর ধরে বিরোধ চলে আসছিল। ইতিপূর্বে জুয়েলকে একাধিকবার প্রাণনাশের হুমকি দিয়েছে জুলহাস। এই হত্যাকাণ্ডের সঙ্গে জুলহাস জড়িত থাকতে পারে বলে জানান তিনি।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মো. সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

