নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় চার দিন নিখোঁজ থাকার পর আজ বৃহস্পতিবার দুপুরে ড্রামে ভরা এক ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ঘাতকরা তার সারা শরীরে আঘাতের পর রশি জাতীয় কিছু দিয়ে গলায় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ড্রামে ভরে ফেলে গেছে।
দুপুরে পুলিশ বন্দর উপজেলার কাজীপাড়া এলাকা থেকে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের নাম মোক্তার হোসেন (৪৫)।
এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাহারুল ইসলাম সরকার জানিয়েছেন, গত রোববার উপজেলার একরামপুর এলাকা থেকে মোক্তার হোসেন নিখোঁজ হন। এর চার দিন পর পুলিশ কাজীপাড়া থেকে তার লাশ উদ্ধার করেছে।

