নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার পতন বুঝতে পেরে পালানোর পথ খুঁজছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সরকারকে হটাতে দ্রুত জাতীয় ঐক্য দৃশ্যমান হবে বলেও জানান তিনি।
শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজনে এক মত বিনিময় সভায় এই কথা বলেন বিএনপির মহাসচিব।
তিনি বলেন, ‘দেশ অত্যন্ত সংকটময় মুহূর্তে উপনীত হয়েছে। দেশের মানুষের স্বাধীনতা থাকবে কি থাকবে না, মানুষের বাঁচার অধিকার থাকবে কি থাকবে না-তা নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর। এখন আওয়ামী লীগ পরাজিত হচ্ছে, সরকার পথ খুঁজছে। মরিয়া হয়ে পালাবার পথ খুঁজছে।’
কারাগারে যাওয়ার আগে খালেদা জিয়ার জাতীয় ঐক্য গড়ার আহ্বানের বিষয়টি তুলে মির্জা ফখরুল বলেন, ‘হোটেল লা মেরিডিয়ানে এক সভায় বিএনপি নেত্রী বলেছিলেন, আমি হয় তো কারাগারে চলে যাব। কিন্তু আপনারা সকল গণতন্ত্রকামী দলকে নিয়ে একটি জাতীয় ঐক্য গড়ে তুলবেন। এই স্বৈরাচারী সরকারকে হটাবেন।’
‘এখন একটা জাতীয় ঐক্য দরকার। ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারী সরকারকে হটাতে হবে’, বলেন বিএনপির মহাসচিব।
দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের একটা ভুল ধারণা আছে। খালেদা জিয়ার মুক্তি চান না জাতীয় ঐক্যের নেতারা। আসলে খালদা জিয়ার মুক্তির ব্যাপারে সকলে একমত। ড. কামাল হোসেন ও বি চৌধুরী তো আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করেই বলেছেন তার মুক্তি দেওয়া হোক। তাদের কিছু দাবি থাকতে পারে। কোনো ভালো কিছুর জন্য তো কিছু না কিছু ছাড় দিতে হবে।’
খালেদা জিয়ার মামলার কার্যক্রম পরিচালনার জন্য কারাগারে আদালত স্থানান্তরের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘কারাগারে আদালত স্থানান্তর করা সম্পূর্ণ অসাংবিধানিক। যেখানে ক্যামেরা ট্রায়াল করা হচ্ছে। এটা কোনো আদালত নয়।’
মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক খানের সঞ্চালনায় আরো বক্তব্য দেন বিএনপি ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) জয়নাল আবেদীন প্রমুখ।
এ ছাড়া সারা দেশের বিভিন্ন জেলা থেকে আগত মুক্তিযোদ্ধা দলের নেতারা উপস্থিত ছিলেন।
সভা শেষে খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া কামনা ও মোনাজাতের অংশ নেন নেতা-কর্মীরা।

