নিজস্ব প্রতিবেদক : আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জয়যুক্ত না করলে আবারও দেশ অন্ধকার যুগে প্রবেশ করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত ‘সাক্ষরতা অভিযানের’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সাক্ষরতা অভিযানের আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প যেমন শেখ হাসিনা নিজেই, তেমনই নৌকার বিকল্প শুধু নৌকাই। আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জয়যুক্ত করতে হবে। না হলে আবারও দেশ অন্ধকার যুগে প্রবেশ করবে।
আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা যদি ২০০১ সালের মতো আবারও হারিয়ে যাই, তাহলে আমরা অন্ধকারে হারিয়ে যাব। আমরা চাই না আবার অন্ধকারে হারিয়ে যেতে। আমরা চাই না বাংলাদেশকে তলাবিহীন বাস্কেটে পরিণত করতে। তাই আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা আকাশচুম্বী, এ দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি সারা বাংলাদেশ ঘুরেছি, মানুষের সঙ্গে কথা বলেছি। দিন দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা বাড়ছে।
সারা দেশে উন্নয়নের জোয়ার বইছে, দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা দেশে উন্নয়নের মহাযজ্ঞ চলছে। সারা বিশ্ব অবাক, কীভাবে এই উন্নয়নের জোয়ার বাংলাদেশে চলছে। বিশ্বের বিভিন্ন দেশের নেতারা এখন আমাদের সমীহ করে। তারা আমাদের কাছে জানতে চায়, বাংলাদেশের এই উন্নয়নের রহস্য কী? আমি তাদের বলি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি মানুষের ভালোবাসা এবং বিশ্বাসের কারণে দেশ এগিয়ে যাচ্ছে।
দেশে সাক্ষরতার হার শতভাগ হতে আর লম্বা সময় লাগবে না, এ আশা ব্যক্ত করে তিনি বলেন, ছাত্রলীগ চাইলে দ্রুত এটা সম্ভব। আমরা ১৯৯৬ সালে যখন ক্ষমতায় আসি, তখন দেশে সাক্ষরতার হার ৬০ শতাংশে নিয়ে গিয়েছিলাম। কিন্তু বিএনপি ২০০১ সালে ক্ষমতায় এসে সেটিকে আবার ৪০ শতাংশে নিয়ে যায়। পৃথিবীর কোনো দেশে এমন দৃশ্য আছে কি না আমার জানা নেই।
অনুষ্ঠানে ছাত্রলীগের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সাতজন রিকশাচালক ও চারজন ক্যানটিন বয়ের হাতে সাক্ষরতাবিষয়ক বই তুলে দেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক ডা. খন্দকার বজলুল হক, ছাত্রলীগের সভাপতি মো. রেজানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী প্রমুখ।

