
বিএডিসি’র রংপুরস্থ সেচ ভবনে সেচযন্ত্র পরিচালনা, রাজস্ব আদায় এবং এ সংক্রান্ত সেবা সহজীকরণের অনলাইনভিত্তিক সফটওয়্যারের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সংস্থার সাবেক চেয়ারম্যান বর্তমানে কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. নাসিরুজ্জামান, এ সময় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পিপিসি উইং) মোহাম্মদ নজমূল ইসলাম, বিএডিসি’র সদস্য পরিচালক (বীজ ও উদ্যান উইং) মো. মাহমুদ হোসেন, ডিএই’র মহাপরিচালক মো. মহসীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন
নিজস্ব প্রতিনিধি, রংপুর : সেচযন্ত্র পরিচালনা, রাজস্ব আদায় এবং এ সংক্রান্ত সেবা সহজীকরণের লক্ষ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) অনলাইনভিত্তিক সফটওয়্যার চালু করেছে। এর ফলে সংস্থার আওতাধীন প্রকল্পগুলোর সেচযন্ত্রের স্কীম পরিচালনা ও রাজস্ব আদায় সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও প্রতিবেদন তৈরি সহজ হবে এবং তা অল্প সময়ে করা যাবে। সফটওয়্যারটি চালুর ফলে দেশের কৃষি ব্যবস্থায় তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
বিএডিসি সূত্র জানায়, প্রচলিত পদ্ধতিতে সেচযন্ত্রের স্কীম পরিচালনা ও রাজস্ব আদায় সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও প্রতিবেদন তৈরিতে দীর্ঘ সময় ও শ্রম ব্যয় হতো। অনলাইনভিত্তিক এ সফটওয়্যারটির সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারলে অত্যন্ত সহজে সংশ্লিষ্ট তথ্য সংরক্ষণ ও প্রতিবেদন তৈরি করা সম্ভব হবে। পাশাপাশি, সফটওয়্যারের মাধ্যমে ইউজার, অফিস জনবল ও কৃষকের স্কীমের যাবতীয় তথ্যের একটি ডাটা ব্যাংক প্রস্তুত করা যাবে। এর ফলে এ সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়নে গতিশীলতা বাড়বে এবং কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
সম্প্রতি বিএডিসি’র রংপুরস্থ সেচ ভবনে সফটওয়্যারটির উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের পলিসি, পরিকল্পনা ও সমন্বয় (পিপিসি) উইংয়ের দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত সচিব মোহাম্মদ নজমূল ইসলাম। বিএডিসি’র চেয়ারম্যান (বর্তমানে কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব) মো. নাসিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসি’র বীজ ও উদ্যান উইংয়ের সদস্য পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মাহমুদ হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)’র মহাপরিচালক মো. মহসীন। অনুষ্ঠানে বিএডিসি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পশ্চিমাঞ্চল) মো. জাফর উল্লাহ, রংপুর (ক্ষুদ্রসেচ) সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সঞ্চয় সরকার, রংপুর অঞ্চলের ডিইএ’র অতিরিক্ত পরিচালক মো. শাহ আলমসহ রংপুর, দিনাজপুর, পাবনা ও বগুড়া অঞ্চলের বিএডিসি’র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সেচযন্ত্র পরিচালনা, রাজস্ব আদায় ও সেবা সহজীকরণ সংক্রান্ত অনলাইনভিত্তিক সফটওয়্যারটির নির্মাণ সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং ডাটা সংযোজনের নিয়ম কানুন সমৃদ্ধ একটি পাওয়ার পয়েন্ট প্রতিবেদন উপস্থাপন করেন রংপুর (ক্ষুদ্রসেচ) সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সঞ্চয় সরকার।
অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ নজমূল ইসলাম সফটওয়্যারটির উদ্বোধন ঘোষণা করে বলেন, সফটওয়্যারটি চালুর ফলে বাংলাদেশের কৃষি ব্যবস্থায় তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়বে যা কৃষিনীতি-২০১৮ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে।
বিশেষ অতিথি মো. মাহমুদ হোসেন বিএডিসি’র সকল কর্মকর্তাকে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সব ধরণের চাপমুক্ত থেকে সততা ও দক্ষতার সাথে কৃষি ব্যবস্থার উন্নয়নের জন্য কার্যক্রম চালিয়ে যেতে নির্দেশ দেন। তিনি বলেন, প্রকল্প পরিচালনার ক্ষেত্রে যেকোন সমস্যায় বিএডিসি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ পাশে থেকে সমস্যা সমাধানে সহযোগিতা প্রদান করবেন।
অনুষ্ঠানের সভাপতি মো. নাসিরুজ্জামান রংপুর, লালমনিরহাট, বগুড়া ও দিনাজপুর অঞ্চলে চলমান প্রকল্পসমূহের বিভিন্ন কার্যকরি দিক উল্লেখ করে বলেন, প্রকল্পসমূহ বাস্তবায়িত হলে ভূ-গর্ভস্থ পানির উপর নির্ভরশীলতা কমিয়ে ভূ-উপরিস্থ পানির মাধ্যমে সেচ কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে। এ সময় তিনি সফটওয়্যারটি নির্মাণের সাথে সংশ্লিষ্ট এবং উপস্থিত সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

