নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় সংসদকে কেন্দ্র করে ১০০ আসনে বিশেষ দল বা গোষ্ঠীকে অনৈতিক সুবিধা দিতেই ইভিএমের বিষয়টিকে দ্রুত আরপিওতে সংযোজন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ন্যাপের আলোচনায় উপস্থিত নেতারা। তারা বলেন, ‘ইসির সাথে সংলাপে যেখানে দেশের অধিকাংশ রাজনৈতিক দল ইভিএমের বিপক্ষে মতামত প্রদান করেছে সেখানে ইভিএমের পক্ষে ইসি তথা নির্বাচন কমিশনের গৃহীত পদক্ষেপ সন্দেহজনক। দেশবাসীর মনে সন্দেহ সৃষ্টি হচ্ছে নির্বাচন কমিশন বিশেষ কোনো দল বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দিতেই এই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
শুক্রবার নয়াপল্টনে যাদু মিয়া মিলনায়তনে বাংলাদেশ ন্যাপের সাবেক চেয়ারম্যান, সাবেক মন্ত্রী শফিকুল গানি স্বপনের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ আয়োজিত স্মরণসভায় আলোচকরা এসব কথা বলেন।
অনুষ্ঠানে শফিকুল গানি স্বপনের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ‘তার মতো মেধাবী রাজনীতিবিদ আজকের সমাজে বড়ই বিরল। তিনি আজীবন দেশ, মাটি-মানুষ ও গণতন্ত্রের জন্য রাজনীতি করেছেন। জাতীয়তাবাদী ও দেশপ্রেমিক রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন তিনি।’ ন্যাপ মহাসচিব বলেন, ‘পৃথিবীর শতকরা ৯০ ভাগ দেশে ই-ভোটিং পদ্ধতি নেই। যে কয়েকটি দেশ এটি চালু করেছিল, তারাও ইতোমধ্যে তা নিষিদ্ধ করেছে। ২০০৬ সালে আয়ারল্যান্ড ই-ভোটিং পরিত্যাগ করে। ২০০৯ সালের মার্চ মাসে জার্মানির ফেডারেল কোর্ট ইভিএমকে অসাংবিধানিক ঘোষণা দেয়। একই বছর ফিনল্যান্ডের সুপ্রিম কোর্ট ইভিএমে সম্পন্ন তিনটি মিউনিসিপ্যাল নির্বাচনের ফলাফল অগ্রহণযোগ্য বলে ঘোষণা করেন। এমন অসংখ্য উদাহরণ রয়েছে আমাদের সামনে। এমনকি গণতান্ত্রিক রাষ্ট্র আমেরিকার ২২টির বেশি অঙ্গরাজ্যে এটিকে নিষিদ্ধ করা হয়েছে এবং অন্যগুলোতেও তা নিষিদ্ধ হওয়ার পথে।’
তিনি আরও বলেন, ‘এই অবস্থার মধ্যে বাংলাদেশের নির্বাচন কমিশন কেন ইভিএমের পক্ষে অবস্থান গ্রহণ করছে এই প্রশ্ন দেশবাসীর মনে উদ্বেগ হওয়াটা খুবই স্বাভাবিক।’
তিনি অবিলম্বে আগামী নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।
ন্যাপ মহানগর সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলুর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন গণতান্ত্রিক ঐক্যের আহ্বায়ক কমরেড রফিকুল ইসলাম, ন্যাপ ভাইস চেয়ারম্যান কাজী ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, নগর যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ নজরুল ইসলাম, যুবনেতা আবদুল্লাহ আল কাউছারী প্রমুখ।

