নিজস্ব প্রতিবেদক : আগামী নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার জন্য নির্বাচন কমিশন ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করতে চাইছে অভিযোগ করে বিষয়টিকে ‘মাস্টার প্ল্যান’ হিসেবে অভিহিত করেছে বিএনপি।
শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অভিযোগ করেন।
তিনি বলেন, ‘বাংলাদেশের অধিকাংশ দল, পেশাজীবী সংগঠন, সুশীল সমাজের বিরোধীতা ও সারা বিশ্ব থেকে প্রত্যাখ্যাত ও নিষিদ্ধ হওয়া এই (ইভিএম) ডিজিটাল মেশিনটি আগামী নির্বাচনে ১০০ আসনে ব্যবহার করার অনুমোদন করলেন প্রধান নির্বাচন কমিশনারসহ কয়েকজন কমিশনার। নিজের নেতৃত্বাধীন কমিশনেও ভিন্নমত থাকার পরও ইভিএম ব্যবহারে মরিয়া হয়ে এটি বাস্তবায়নে চূড়ান্ত উদ্যোগ গ্রহণ সুস্পষ্ট হলো প্রধান নির্বাচন কমিশনার আগামী ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে দৃঢ় সংকল্পবদ্ধ।’
‘একতরফা ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত আগামী নির্বাচন জালিয়াতি করারই চূড়ান্ত মাস্টার প্ল্যান। কারণ বিশেষজ্ঞরা মনে করেন একটি গোপন কোড জানা থাকলেই ইভিএম ভোটিং মেশিনের গণনাপদ্ধতি সম্পূর্ণ পাল্টিয়ে ফেলা যায়। ভোটারবিহীন আওয়ামী জোটের সরকার জনগণের টাকায় জালিয়াতি করার মেশিন কিনে জালিয়াতির নির্বাচন করতে চায়,’ বলেন রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘অনুগত প্রধান নির্বাচন কমিশনারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ইভিএম নামক যাদুর বাক্স আমদানি করে আগামী জাতীয় নির্বাচনে ধাপ্পাবাজীর ভোটের বন্দোবস্ত করছেন।’
বিএনপির এই নেতা বলেন, ‘এবার জনগণ সরকারের সকল মাস্টার প্ল্যান ডাস্টবিনে ফেলে দিবে। ভোট নিয়ে অনাচারের পুনরাবৃত্তি জনগণ রুখে দেবে। এবারে জনগণের শিলা-কঠিন ঐক্যে সরকারের সকল পরিকল্পনা ধুলিস্যাৎ হয়ে যাবে।’
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা আতাউর রহমান ঢালী, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, মীর সরফত আলী সপু, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মো. মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

