ঢাকাTuesday , 28 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জনগণ রাস্তায় নামবে : ফখরুল

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দুঃশাসনের বিরুদ্ধে জনগণ রাস্তায় নেমে সরকারের পতন ঘটাবে বলে ক্ষমতাসীন আওয়ামী লীগকে সতর্ক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, ‘জনগণ আবারও রাস্তায় নামবে। এই সরকারের দুঃশাসন এবং অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে জনগণ আবার রাস্তায় নামবে। তখন সরকারের তাসের ঘর ভেঙে যাবে। বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়াবে। এই সরকারের পতন হবে।’
মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
১ সেপ্টেম্বর বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের এক যৌথসভা শেষে এ সংবাদ সম্মেলন হয়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপির জন্য নয়, আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ হবে, এ দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে না। এ কারণে যত রকমের দুষ্টামি আছে, তা করছে সরকার।’
আগামী জাতীয় নির্বাচনে যাওয়ার জন্য বেশকিছু শর্ত দেন মির্জা ফখরুল।
এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের নেত্রীকে মুক্তি দিতে হবে- এটা আমাদের প্রথম শর্ত। নির্বাচন করতে হলে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে, একটা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার থাকতে হবে, নির্বাচন কমিশনকে ভেঙে দিয়ে পুনর্গঠন করতে হবে, সংসদ ভেঙে দিতে হবে, একই সঙ্গে সমস্ত দলকে সমান সুযোগ দিতে হবে এবং সেনাবাহিনী মোতায়েন করতে হবে।’
গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য গণমাধ্যম ও সুশীল সমাজের ভূমিকা রাখতে হবে বলেও উল্লেখ করেন বিএনপির মহাসচিব।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপির পক্ষ থেকে দীর্ঘদিন কোনো কর্মসূচি নেওয়া হচ্ছে না, সাংবাদিকের এমন প্রশ্নের বিষয়ে ফখরুল ইসলাম বলেন, ‘প্রতিদিনই কর্মসূচি নেওয়া হচ্ছে। সময়মতো দেখতে পাবেন, কেমন কর্মসূচি আসে।’
বিএনপিকে ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ করে তিনি বলেন, ‘বিএনপি অনেক প্রতিকূল অবস্থা পার করে আজ এ অবস্থানে এসেছে। কাজেই বিএনপিকে বাদ দিয়ে কোনো কিছু ভাবার সুযোগ নেই। আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলে সেই নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না।’
যৌথসভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, আব্দুল আউয়াল খান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গোলাম সরোয়ার, ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।