নিজস্ব প্রতিবেদক : দলের চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতির মামলায় কারাগারে। দীর্ঘদিন দেশের বাইরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। যারা বাইরে আছেন, তারাও স্বস্থিতে নেই। এরমধ্যেই দরজায় কড়া নাড়ছে একাদশ জাতীয় নির্বাচন। তাই এবারের ঈদকে কেন্দ্র করে সব কিছু ছাপিয়ে গণসংযোগের মাধ্যমে নিজেদের এলাকায় অস্তিত্বের জানান দিতে চান বিএনপি নেতারা।
এবারের ঈদে অধিকাংশ নেতাই নিজ নিজ নির্বাচনী এলাকায় ছুটছেন। কেউ ঈদের আগের দিনে চলে গেছেন। আবার কেউ ঈদের নামাজ ঢাকায় পড়ে বিকালে নিজ এলাকায় গণসংযোগ করবেন। বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।
বিএনপি নেতারা বলেন, তারা জনগণের জন্য রাজনীতি করেন। তাই ঈদের সময় জনগণের কাছাকাছি যাওয়ার ভালো একটি সুযোগ। তাই ঈদে নিজ নিজ নির্বাচনী এলাকায় থাকার চেষ্টা করছেন তারা। এলাকায় গণসংযোগ ছাড়াও সামাজিক অনুষ্ঠানগুলোতে যোগ দিবেন বিএনপি নেতারা।
তবে সরকারের আচরণ নিয়ে কেউ কেউ শঙ্কার কথাও জানিয়েছেন। কারণ ঈদের আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ তিন ধরে নিজ বাড়ি অবরুদ্ধ হয়ে আছেন। তিনি এলাকায় জনসংযোগ করতে পারছেন না। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, মওদুদ আহমদকে তার নিজ বাড়িতে অবরুদ্ধ করে রাখা হয়েছে।
প্রতি বছর ঈদের দিন বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কূটনীতিকসহ দলীয় নেতাকর্মী ও পেশাজীবীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নেত্রীর সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময়ের মধ্যদিয়ে ঈদ আনন্দ শুরু হয় বিএনপির নেতাকর্মীদের।
গত ঈদুল আযহার মত এবার আর তা হচ্ছে না। তবে নেত্রীর অনুপস্থিতিতে গত ঈদের মতোই এবার নামাজের পরপরই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন দলটির নেতাকর্মীরা।
খালেদা জিয়ার অনুপস্থিতিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তারেক রহমান। অবশ্য তিনি বিভিন্ন মামলায় আসামি হয়ে রাজনৈতিক আশ্রয়ে সপরিবারে যুক্তরাজ্যে অবস্থান করছেন।
ঢাকায় গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজায়’ ঈদ করবেন খালেদা জিয়ার ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী ও এক মেয়ে। কোকোর বড় মেয়ে লন্ডনে তারেক রহমানের সঙ্গে ঈদ করবেন বলে জানা গেছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমীগর এবার ঈদ করবেন নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও। ঈদের আগের দিনেই তিনি চলে যাবেন। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জা ফখরুলের ব্যক্তিগত সহকারী ইউনুস আলী।
স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন নিজ নির্বাচনী এলাকা দাউদকান্দিতে ঈদ করবেন। এর পর তিনি ঢাকায় এসে জিয়াউর রহমানের সমাধিতে দলীয় কর্মসূচিতে যোগ দিবেন।
এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ তার নির্বাচনী এলাকা নোয়াখালী, স্থায়ী কমিটির আরেক সিনিয়র সদস্য তরিকুল ইসলাম নিজ এলাকা যশোরে ঈদ করছেন। বরাবরই তিনি যশোরে ঈদ করেন।
ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, লে. জে (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ঢাকায় ঈদ করছেন।
স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ঈদের দিন সকালে তার নির্বাচনী এলাকা কেরানীগঞ্জের সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে ঢাকায় জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।
দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধূরী শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে ফোন আলাপ প্রকাশের পর থেকে অন্তরালে আছেন।
বিএনপির ভাইস চেয়ারম্যানদের মধ্যে শাহ মোয়াজ্জেম হোসেন, বেগম সেলিমা রহমান, শওকত মাহমুদ ও ডা. এ জেড এম জাহিদ হোসেন ঢাকায় ঈদ করবেন। আলতাফ হোসেন চৌধুরী নিজ এলাকা পটুয়াখালীতে, এম মোর্শেদ খান ও মীর মোহাম্মদ নাসির উদ্দিন তাদের নির্বাচনী এলাকা চট্টগ্রামে ঈদ করবেন।
ব্যারিস্টার শাহজাহান ওমর বরিশালে এবং শামসুজ্জামান দুদু চুয়াডাঙ্গায় ঈদ করবেন। অ্যাডভোকেট আহমেদ আযম খান ঢাকায় ঈদ করে তারপর নিজ নির্বাচনী এলাকা টাঙ্গাইলে যাবেন।
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী থাকবেন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীকে কারাগারে ঈদ করতে হচ্ছে। যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ঢাকায়, মজিবুর রহমান সরোয়ার বরিশালে, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালও এবার বরিশালে ঈদ করবেন। এছাড়া খায়রুল কবির খোকন নরসিংদী ও হারুন-অর রশিদ চাঁপাইনবাবগঞ্জে ঈদ করছেন।
বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহ এবং ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ফরিদপুরে ঈদ করছেন। সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোরে ঈদ করছেন। বিলকিস জাহান শিরিন, ডা. সাখাওয়াত হোসেন জীবন নিজ নিজ এলাকায় নেতাকর্মীদের সঙ্গে ঈদ করছেন।
সহ-সাংগঠনিক সম্পাদকদের মধ্যে শরিফুল আলম, শহিদুল ইসলাম বাবুল, সেলিমুজ্জামান সেলিম, আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুর রহমান শামীম তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন।
বিএনপির কারাবন্দি নেতাদের মধ্যে আরও রয়েছেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু, বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু। এ ছাড়া বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস কারাগারে আছেন।
বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল ঢাকাতেই ঈদ করবেন। দলের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন নবী খান সোহেল ঢাকাতে নিজ নির্বাচনী এলাকায় ঈদ করছেন।
বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ অনেকেই ঢাকায় ঈদ করে নিজ নিজ নির্বাচনী এলাকায় যাবেন।
মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ঢাকায় ঈদ করছেন।

