
রাজধানীর গাবতলীস্থ বিএডিসি’র কেন্দ্রীয় বীজ পরীক্ষাগারে হাইড্রোপনিক প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান অতথির বক্তব্য দিচ্ছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পিপিসি) মোহাম্মদ নজমুল ইসলাম, এ সময় বিএডিসি’র চেয়ারম্যান মো. নাসিরুজ্জামানসহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গাবতলীস্থ বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)’র কেন্দ্রীয় বীজ পরীক্ষাগারে হাইড্রোপনিক প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বিএডিসি’র উদ্যান উন্নয়ন বিভাগের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে উদ্যান জাতীয় ফসল সরবরাহ ও পুষ্টি উন্নয়ন প্রকল্পের উদ্যোগে গত ৫ আগস্ট (রোববার) এই প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করা হয়।
বিএডিসি’র চেয়ারম্যান মো. নাসিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পিপিসি) মোহাম্মদ নজমুল ইসলাম। শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এ এফ এম জামাল উদ্দিন, বিএডিসি’র সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) মো. মাহমুদ হোসেন, সদস্য পরিচালক (সার ব্যবস্থাপনা) ঝরনা বেগম এবং সদস্য পরিচালক (ক্ষুদ্র সেচ) মো. আব্দুল জলিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন উদ্যান উন্নয়ন বিভাগের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে উদ্যান জাতীয় ফসল সরবরাহ ও পুষ্টি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মাসুদ আহম্মেদ। বিএডিসি’র সকল উইংয়ের মহাব্যবস্থাপকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মোহাম্মদ নজমুল ইসলাম হাইড্রোপনিক প্রযুক্তি বিষয়ে আয়োজিত প্রশিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের প্রশংসা করেন। প্রশিক্ষকগণ প্রশিক্ষণ গ্রহণের পর অন্য প্রশিক্ষণার্থীদের এই বিষয়ে সঠিক ও সুন্দরভাবে প্রশিক্ষণ দিতে পারবেন এবং এর ফলে সংশ্লিষ্ট খাতগুলো যথেষ্ট উপকৃত হবে বলেও তিনি মন্তব্য করেন।
সভাপতির বক্তব্যে মো. নাসিরুজ্জামান আয়োজনকারী প্রকল্পের সফলতা কামনা করে এই প্রশিক্ষণ কার্যক্রম প্রশিক্ষকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেন।
কর্মশালায় বিএডিসি’র ৯টি কেন্দ্রের যুগ্মপরিচালক, উপপরিচালক ও সহকারী পরিচালক পদমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ প্রদান করা হয়।

