নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে শিক্ষার্থীরা রাজপথে নেমেছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। বৃহস্পতিবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ দাবি করেন।
মঈন খান বলেন, ‘কয়েকজন প্রশ্ন করেছে, আজ এই ছাত্ররা রাস্তায় দাঁড়িয়ে গাড়ির ড্রাইভারদের লাইন্সেস দেখতে চাচ্ছে- এটা ঠিক কি না? আমি বলব, যারা আজ দেশ পরিচালনা করছে, তারা যদি ব্যর্থ না হতো তাহলে তো ছাত্ররা রাস্তায় নামত না। আন্দোলন করতে না। সরকারের ব্যর্থতার কারণেই জনগণও আজ রাস্তায় নামছে।’
‘ছাত্ররা বুঝতে পেরেছে, এই সরকার রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ। তাই তারা রাস্তায় নেমে সরকারকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এটা কোনো আকস্মিক বিষয় না, এটা মানুষের ক্ষোভ ও দুঃখেরই বহিঃপ্রকাশ’, বলেন বিএনপির অন্যতম এই নীতিনির্ধারক।
‘সাধারণ শিক্ষার্থীদের হত্যা, নিপীড়ন এবং বর্তমান রাজনীতি’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ‘বাংলাদেশ ইয়ুথ ফোরাম’ নামের একটি সংগঠন।
মঈন খান বলেন, ‘সরকার গত ৯ বছরে দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। কিন্তু আমি যদি নাও বলি, তাদের কর্মকাণ্ডে কিন্তু এটাই প্রমাণিত হয়েছে।’
শিক্ষার্থী আন্দোলন সমর্থন করে বিএনপির এই নেতা বলেন, ‘এই কোমলমতি ছাত্রদের আন্দোলনের ভাষা, তাদের দুঃখ-কষ্ট যদি আমরা বুঝতে না পারি, যদি তাদের সাথে একত্মতা প্রকাশ করতে না পারি, তাহলে সেটা আমাদের জন্যও ব্যর্থতা।’
আয়োজক সংগঠনের উপদেষ্টা কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে ও সাইদুর রহমানের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।

