নিজস্ব প্রতিবেদক : সড়কে মৃত্যুর মিছিল রোধে যেসব দাবি নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছে, তাতে সমর্থন দিয়ে সরকারের পদত্যাগ দাবি করেছে বিএনপি।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এ সরকার সম্পূর্ণ ব্যর্থ সরকার। সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে জনজীবনকে বিপর্যস্ত করে ফেলেছে। কারও জীবনের কোনো নিরাপত্তা নেই। সড়ক দুর্ঘটনা থেকে শুরু করে দেশে একের পর এক অঘটন ঘটলেও অনির্বাচিত অবৈধ এ সরকার তা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।’
‘আমরা শুধু নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান ও সেতুমন্ত্রীর পদত্যাগ দাবি করছি না, আমরা এই সরকারের পদত্যাগ দাবি করছি। তাই জনগণকে এই সরকারের পতন আন্দোলনে যোগ দেওয়ার আহবান জানাচ্ছি,’ বলেন বিএনপির মহাসচিব।

