নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সরকার বেপরোয়া গাড়ি চালানোর দৌরাত্ম বন্ধ করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলাচনা সভায় তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘সড়ক দুর্ঘটনার নামে মানুষ হত্যা চলতে দেওয়া যায় না। আহত শিক্ষার্থীকে আবার পানিতে ফেলে দিয়ে হত্যা করা, ফুটপাতের উপরে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীর ওপর বাস তুলে দেওয়া-এটা দুর্ঘটনা নয় এটা হত্যাকাণ্ড সুতরাং এগুলো বন্ধ করতে হবে।’
তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনা নিয়ে নৌমন্ত্রী শাজাহান খান যে বক্তব্য দিয়েছেন এটা তার নিজস্ব বক্তব্য। এর সাথে আওয়ামী লীগ একমত নয়। তবে তাকে ধন্যবাদ যে তিনি তার বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন।’
সড়ক পরিবহন খাতে দৌরাত্ম বন্ধে সরকার কাজ করছে উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, ‘আগামী মন্ত্রীসভার বৈঠকে সড়ক পরিবহন আইনের অনুমোদন করা হবে। আমাদের দলের সাধারণ সম্পদ ওবায়দুল কাদের ইতিমধ্যে এ বিষয়টি জানিয়েছেন।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু পরিবারকে হত্যা করা ছিল বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ। কারা এই ষড়যন্ত্রে জড়িত ছিলে তাদের মুখোশ উন্মোচন করার সময় এখনই। তা না হলে একুশ শতকের প্রজন্ম জানতে পারবে না এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত। সরকার বঙ্গবন্ধুর খুনিদের রায় কার্যকর করেছে। বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে যারা বিভিন্ন দেশে পালিয়ে রয়েছে তাদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার চেষ্টা করছে সরকার।’
আয়োজক সংগঠনের সভাপতি ওমর বিন আজিজ তামিমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, শাজাহান সাজু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অরুণ সরকার রানা প্রমুখ।

