নিজস্ব প্রতিবেদক : সমাজকল্যাণমন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, নারীর স্বার্থ রক্ষায় এ সরকারকেই পুনরায় ক্ষমতায় আনতে হবে।
বুধবার রাজধানীর মিন্টো রোডে সমাজকল্যাণমন্ত্রীর সরকারি বাসভবনে ঢাকার রমনা থানা মহিলা আওয়ামী লীগের সবজি বাগান ইউনিটের কর্মী সভায় তিনি এ কথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, ‘বর্তমান সরকারের আমলে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে যে অগ্রগতি ঘটেছে তা গোটা এশিয়া অঞ্চলে উদাহরণ সৃষ্টি করেছে। শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, প্রশাসন ও ব্যবসায় নারীর অংশগ্রহণসহ সবক্ষেত্রে নারীরা দিন দিন এগিয়ে যাচ্ছেন। সুতরাং নারীদের স্বার্থ রক্ষায় নারীদেরকেই বর্তমান সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।
নারীর ক্ষমতায়নে উদাসীনতা নিয়ে বিএনপি-জামাতের সমালোচনা করে রাশেদ খান মেনন বলেন, বিএনপি-জামাত আমলের ফতোয়াবাজি, নারীনীতির বিরুদ্ধে অবস্থান ও হেফাজতের অশালীন ও অবাস্তব বক্তব্যকে প্রতিরোধ করেই নারীদের এগিয়ে যাওয়ার পথকে উন্মুক্ত করতে হয়েছে। এক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অনস্বীকার্য। তার অবদান কেবল দেশেই নয়, এখন গোটা বিশ্বে স্বীকৃত। নারীর এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে এবং নারীর স্বার্থ রক্ষা করতে বর্তমান সরকারকে অবশ্যই পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনতে হবে।
আগামী জাতীয় নির্বাচনে নারী ভোটের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এ দেশের ভোটারের প্রায় অর্ধেক নারী। নির্বাচনে নারীর ভোট খুবই গুরুত্বপূর্ণ। অতীতে দেখা গেছে, বিএনপি বিশেষ করে জামাত এই নারীদের বিভ্রান্ত করার জন্য ধর্মের নামে বাড়ি বাড়ি গিয়ে মিথ্যা ভিডিও প্রদর্শন, মিথ্যা তথ্য দিয়ে নানা প্রোপাগান্ডা প্রচার করে থাকে। এবারও তার বিপরীত কিছু হবে না। এ কারণে আমাদের মেয়েদের সবাইকে একইভাবে বাড়ি বাড়ি গিয়ে সকল মিথ্যাকে ব্যর্থ করে দিয়ে সরকারের উন্নয়ন কার্যক্রম মেয়েদের কাছে তুলে ধরতে হবে। এজন্য এখনই প্রস্তুত হোন এবং সময়কে কাজে লাগান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রমনা থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ পারভীন শিমু। বক্তব্য রাখেন রমনা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মহানগর মহিলা আওয়ামী লীগের নেত্রী মেহের নিগার তন্ময় প্রমুখ।

