নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ তিন জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলায় চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. আতাউর রহমান আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে বিচার শুরুর আদেশ দেন। একই সঙ্গে বিচারক আগামী ১৯ আগস্ট মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন।
বিচার শুরু হওয়া অপর দুই আসামি হলেন-মোশাররফ হোসেনের ছেলে খন্দকার মাহবুব হোসেন ও স্বাস্থ অধিদপ্তরের প্রাক্তন লাইন ডিরেক্টর ডা. মাহবুবুর রহমান। এদিন ওই তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন।
গত ২২ জুলাই আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা অব্যাহতি চেয়ে শুনানি করেন। ওই দিন শুনানি শেষে আদালত আদেশের জন্য সোমবার দিন ধার্য করে দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজসে ক্ষমতার অপব্যবহার করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন ও বিশ্ব ব্যাংকের প্রকল্পভুক্ত বিদেশে গমনেচ্ছু কর্মকর্তা/কর্মচারীদের বিমানের টিকিট সরবরাহের বিষয়ে প্রতারণা, জালিয়াতি ও অস্বচ্ছ প্রক্রিয়ায় সাজানো টেন্ডারের মাধ্যমে সরকারের ৪৮ লাখ ৫১ হাজার ৮০ টাকা ক্ষতি করে নিজেরা লাভবান হন।
ওই ঘটনায় দুদকের উপপরিচালক লুৎফর রহমান ২০০৮ সালের ১ সেপ্টেম্বর মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করে ২০১৭ সালের ১২ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান।

