
সিলেটে সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের উদ্যোগে আয়োজিত আঞ্চলিক কর্মশালায় বক্তব্য দিচ্ছেন প্রকল্প পরিচালক কৃষিবিদ মহাম্মদ মাইদুর রহমান
নিজস্ব প্রতিনিধি : সিলেটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)’র আওতাধীন সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ জুলাই সিলেটের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদিমনগর (সিলেট) কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই)’র অধ্যক্ষ কৃষিবিদ মো. আব্দুর রাজ্জাক। সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আলতাবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. জাহেদুল হক।
কর্মশালায় প্রকল্পের সামগ্রিক কার্যক্রম বিষয়ে কী-নোট পেপার উপস্থাপন করেন প্রকল্প পরিচালক কৃষিবিদ মহাম্মদ মাইদুর রহমান। তিনি সিলেট ও কুমিল্লা অঞ্চলের বিভিন্ন উপজেলায় বিগত বছরে বাস্তবায়িত কার্যক্রম, সেগুলোর প্রভাব ও মূল্যায়ন এবং চলতি বছরের কর্মপরিকল্পনা সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন।
কর্মশালায় সিলেট ও কুমিল্লা অঞ্চলের প্রকল্পভুক্ত ৫ জেলার উপ-পরিচালকগণ তাদের নিজ নিজ জেলায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম বিষয়ে তথ্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ৫ জেলার উপ-পরিচালকগণ ছাড়াও ১৫ উপজেলার কৃষি কর্মকর্তা, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা), বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি), বীজ প্রত্যয়ন এজেন্সি, কৃষি তথ্য সার্ভিসের প্রতিনিধি এবং কৃষকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সিলেট ও কুমিল্লা অঞ্চলের উপজেলাগুলো হলো-সিলেট জেলার জৈন্তাপুর, বালাগঞ্জ, কোম্পানিগঞ্জ; মৌলভীবাজারের শ্রীমঙ্গল, বড়লেখা, কুলাউড়া, জুড়ী; হবিগঞ্জের বানিয়াচং, লাখাই, বাহুবল; সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ, ধর্মপাশা, জামালগঞ্জ; ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এবং বিজয়নগর।

