সিলেট প্রতিনিধি : সিলেট সিটি নির্বাচনের দুই দিন আগে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানকে সমর্থন দিয়ে প্রচারণায় নামার ঘোষণা দিয়েছে বর্তমান সংসদের বিরোধী দল জাতীয় পার্টি।
শনিবার দুপুরে নগরীর তালতলার একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন দলের প্রেসিডিয়াম সদস্য ও জেলা আহ্বায়ক এ টি ইউ তাজ রহমান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘‘বদর উদ্দিন আহমদ কামরান আমাদের জোটের মেয়র প্রার্থী। বর্তমান মহাজোট সরকারের অন্যতম শরীক দল হিসেবে সিলেট জেলা ও মহানগর জাপা মেয়র নির্বাচনে কার্যকরী ভূমিকা রাখবে।’’
দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশে জাতীয় পার্টি মহাজোটের শরিক আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দিচ্ছে। এ সময় দলীয় নেতাকর্মীদের কামরানের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।
সম্মেলনে জাপার কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ইয়াহইয়া চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকট গিয়াস উদ্দিন, জেলার সদস্য সচিব উছমান আলী, জেলা জাপার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইশরাকুল ইসলাম শামীম, জাপা নেতা সাব্বির আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ নেতাদের মধ্যে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
আগামী ৩০ জুলাই সিলেট সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০০১ সালে সিলেট সিটি করপোরেশন গঠনের পর দুই মেয়াদে মেয়র প্রার্থী দিলেও এবারের নির্বাচনে জাতীয় পার্টি মেয়র প্রার্থী দেয়নি।

