ঢাকাTuesday , 24 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুব উন্নয়ন অধিদপ্তরের টেকাব প্রকল্প
৭ হাজারের অধিক প্রশিক্ষণার্থীকে আইসিটি মোবাইল ভ্যানে কম্পিউটার প্রশিক্ষণ

Link Copied!

আইসিটি মোবইল ভ্যানে প্রশিক্ষণরত যুবক ও যুবমহিলাগণ

হাসান রেজা : যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব)’ শীর্ষক কারিগরি প্রকল্পের সহায়তায় ৭ হাজারের অধিক প্রশিক্ষণার্থীকে আইসিটি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। দেশের দরিদ্র ও পিছিয়ে পড়া শিক্ষিত বেকার যুবক ও যুব মহিলাদের জন্য সরকারের এই কার্যক্রম ইতোমধ্যে ব্যাপক প্রসংশা কুড়িয়েছে।
সূত্র জানায়, ২০১৫ সালে কার্যক্রম শুরু করা এই প্রকল্পের মাধ্যমে সারাদেশের বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমান প্রশিক্ষণ কেন্দ্রের আদলে গড়ে তোলা আধুনিক তথ্য-প্রযুক্তি সজ্জিত মোবাইল ভ্যানে যুবক ও যুব মহিলাদের কম্পিউটার ও নেটওয়ার্কিংসহ বিভিন্ন বিষয়ে ১ মাস মেয়াদী প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। ২০১৬ সালের মে মাস থেকে প্রশিক্ষণ কার্যক্রম শুরুর পর চলতি ২০১৮ সালের জুন পর্যন্ত ৭ হাজার ২শ’ ৮ জন যুবক ও যুব মহিলাকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রতি মাসে ৭টি বিভাগের ৭টি উপজেলায় ভ্রাম্যমান আইসিটি ভ্যান অবস্থানের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম চলমান আছে। প্রতি মাসে ৭ উপজেলায় ৪০ জন করে মোট ২শ’ ৮০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। চলতি ২০১৮-১৯ অর্থ বছরে মোট ৩ হাজার ৩শ’ ৬০ জনকে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারিত আছে বলে জানা গেছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রকল্পের উদ্যোগে অভিনব পদ্ধতিতে আইসিটি প্রশিক্ষণ কার্যক্রম ইতোমধ্যে ব্যাপক প্রসংশা অর্জন করেছে। সংশ্লিষ্ট উপজেলাগুলোতে মানুষের মধ্যে তথ্য-প্রযুক্তি বিষয়ে আগ্রহ সৃষ্টি হয়েছে। তারা বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে এই প্রশিক্ষণ কার্যক্রম গরীব শিক্ষিত ও বেকার গ্রামীণ যুবদের কর্মসংস্থানের উপযোগিতা বৃদ্ধি করে তাদের আর্থ-সামাজিক উন্নয়নের সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে। সেই সাথে বাংলাদেশের গ্রামীণ সুবিধাবঞ্চিত যুবদের আইসিটি প্রশিক্ষণে প্রবেশাধিকারও নিশ্চিত হবে এবং বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়কে বাস্তবে রূপ দিতে সহায়ক ভূমিকা পালন করবে। পাশাপাশি বাজার চাহিদা অনুযায়ী আইসিটি দক্ষতাভিত্তিক যেমনঃ ডেক্সটপ, গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে গরীব যুবদের কর্মসংস্থানের উপযোগিতা বৃদ্ধি পাবে। প্রকল্পের এই কার্যক্রমের ফলে গ্রামীণ যুবদের আইসিটি শিক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
প্রকল্প সূত্র জানায়, বর্তমান জুলাই মাসে নরসিংদী জেলার রায়পুরা উপজেলায়, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর, রাজশাহীর তানোর, ঝিনাইদহের হরিণাকুন্ড, বরিশালের মুলাদী, মৌলভীবাজারের কুলাউড়া এবং লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। আগামী আগস্ট মাসে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায়, কুমিল্লার মুরাদনগর (বাঙ্গরা থানা সদর), রাজশাহীর বাঘা, ঝিনাইদহের কালিগঞ্জ, বরিশালের উজিরপুর, হবিগঞ্জের বাহুবল এবং কুড়িগ্রামের নাগেশ্বর উপজেলায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।
উল্লেখ্য, এ কার্যক্রমের আওতায় দেশের বিভিন্ন উপজেলায় একটি করে মোবাইল ভ্যান অবস্থান করে এবং ১৮ থেকে ৩৫ বছর বয়সী ২০ জন এইচএসসি পাশ যুবক ও ২০ জন এসএসসি পাশ যুব মহিলা মোট ৪০ জন যুবক/যুব মহিলাকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রতিটি ভ্যানে প্রশিক্ষণ প্রদানের জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের একজন প্রশিক্ষক ও একজন সহকারী প্রশিক্ষক অবস্থান করেন। ১০টি ল্যাপটপ, ১টি করে স্ক্যানার, মাল্টিমিডিয়া প্রজেক্টর ও জেনারেটরসহ আধুনিক তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট অন্যান্য যন্ত্রাদির দ্বারা এই ভ্যানগুলো সজ্জিত।