ঢাকাWednesday , 18 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কোটা নিয়ে প্রধানমন্ত্রী ইউটার্ন নিয়েছেন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিতে কোটা থাকবে না বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব‌্য দিয়েছেন, সেখান থেকে তিনি ইউটার্ন নিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই মন্তব‌্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘বেকার যুবকদের ন্যায়সঙ্গত কোটা সংস্কারের আন্দোলন। প্রধানমন্ত্রী বললেন- কোনো কোটাই থাকবে না। এখন বলছেন, হাইকোর্টের রায়ের বাইরে যাওয়া যাবে না। আদালত কি বলেছে? যা বলেছে কোটা নিয়ে সেটা রায় নয়, পর্যবেক্ষণ। এই কথাটা আমরা অনেকেই বলছি না।’
প্রধানমন্ত্রীকে উদ্দেশ‌্য করে বিএনপির মহাসচিব বলেন, ‘ত্রয়োদশ সংশোধনী যেটা পঞ্চদশ সংশোধনীতে বাতিল হলো সেখান থেকে দলীয় সরকারের অধীনে নির্বাচনের কথা আপনি রাখলেন। যেটা আপনার সুবিধা যেটাতে আদালতকে ব্যবহার করছেন আর যেটায় অসুবিধা সেখানে আদালতকে ব্যবহার করছেন না।’
‘পরিষ্কার করে বলতে চাই, কোটা এবং খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে কোনো রাজনীতি করছি না। যেটা সত্য আমরা সেটা জনগণের কাছে বড় রাজনৈতিক দল হিসেবে তুলে ধরছি’, বলেন তিনি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ।
খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি নোংরা রাজনীতি করছে বলে মন্ত্রী ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্যের কঠোর সমালোচনা করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, ‘এই ধরনের কথা বলে তিনি জনগণকে বিভ্রান্ত করছেন। তাকে তার ন্যূনতম আইনি সুযোগ থেকে বঞ্ছিত করা হয়েছে। মূল মামলায় জামিন পেলেও এখন একটার পর একটা মিথ্যা মামলাকে সামনে এনে মুক্তিকে বিলম্ব করছে। তারা তাকে ততদিন পর্যন্ত কারাগারে রাখতে চায় যতদিন পর্যন্ত তাদের অভিষ্ট লক্ষ্য পূরণ না হয়।’
বিএনপির মহাসচিব বলেন, ‘যিনি কোনোদিন কোনো নির্বাচনে পরাজিত হননি তাকে নির্জন কারাগারে রাখা হয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না। তার চিকিৎসক এবং পরিবারের লোকজনের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। আর আমরা চিকিৎসার কথা বললেই তারা বলে সব ঠিক আছে। আবার বলে কারাবিধিতে নেই। সম্পূর্ণ মিথ্যা কথা।’