
বিএডিসি’র নোয়াখালী জেলার সুর্বণচর উপজেলায় ডাল ও তৈলবীজ বর্ধন খামার এবং বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন প্রকল্পের উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন সংস্থার চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনে (বিএডিসি) ক্লাইমেট চেঞ্জ এ্যাডাপটেশন এ্যাট সুবর্ণচর ফার্ম শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ জুলাই) রাজধানীর মতিঝিলস্থ সংস্থাটির সদর দপ্তর কৃষি ভবনের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিএডিসি’র চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিএডিসি’র সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) মো. মাহমুদ হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সদস্য পরিচালক (সার ব্যবস্থাপনা) ঝরনা বেগম, সদস্য পরিচালক (ক্ষুদ্রসেচ) মো. আব্দুল জলিল ও সংস্থার সচিব তুলসী রঞ্জন সাহা। ধন্যবাদ জ্ঞাপন করেন মহাব্যবস্থাপক (বীজ) মো. ফারুক জাহিদুল হক। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক মো. আব্দুল মালেক।
বিএডিসি’র নোয়াখালী জেলার সুর্বণচর উপজেলায় ডাল ও তৈলবীজ বর্ধন খামার এবং বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন প্রকল্পের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (গাজীপুর)’র অধ্যাপক ড. এম. এ. মান্নান, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট’র পরিচালক বিধান কুমার ভান্ডার, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, নোয়াখালী’র প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. মো. মহিউদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে বিএডিসি’র চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান বলেন, সুবর্ণচর প্রকল্পটি একটি অনন্যধর্মী প্রকল্প। এ প্রকল্পের উদ্দেশ্য ও কার্যাবলী এসডিজি ও বাংলাদেশের কৃষিনীতির সাথে শতভাগ সামঞ্জস্যপূর্ণ। সুবর্ণচর ডাল ও তৈলবীজ খামারের সাথে চুক্তিবদ্ধ চাষ পদ্ধতি থাকায় চাষীরা খামারের কর্মকা-ের সাথে সরাসরি জড়িত হতে পারবেন। খামারে সংরক্ষিত বন এলাকা থাকায় জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমৃদ্ধ হবার সুযোগ সৃষ্টি হয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় খামারটি অনন্য ভূমিকা রাখবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বিনা ধান-৮ এর লবণাক্ত সহিষ্ণু ক্ষমতা কমে আসছে উল্লেখ করে অন্য জাতের আরো অধিক লবণাক্ত সহিষ্ণু জাত উদ্ভাবনের আহ্বান জানান তিনি।
কর্মশালায় কৃষি মন্ত্রণালয়সহ বিএডিসি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

