নিজস্ব প্রতিবেদক : মানহানির একটি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।
মুক্তিযুদ্ধে শহীদ ব্যক্তিদের ও শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে মানহানিকর মন্তব্যের মামলায় ঢাকা মহানগর হাকিম আবু সাঈদের আদালতে বুধবার এ আবেদন করেন মামলার বাদী বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।
এ বি সিদ্দিকী বলেন, মামলাটিতে গত ৯ জুলাই অভিযোগের বিষয়ে সত্যতা পাওয়া গেছে মর্মে প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী। আজ আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করি। শুনানি শেষে আদালত পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।
বাদীপক্ষে আবুল কালাম আজাদ গ্রেপ্তারি পরোয়ানা জারির পক্ষে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে দাখিল করা আবেদন গ্রহণ করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হোক।
২০১৬ সালের ৫ জানুয়ারি এ বি সিদ্দিকী মানহানির অভিযোগে মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ২১ ডিসেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তিযদ্ধে শহীদদের নিয়ে বিতর্কীত মন্তব্য করেন।
অন্যদিকে ওই বছরের ২৫ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে ‘স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রিজভী আহমেদ’ শীর্ষক আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবীদের প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র বিতর্কীত মন্তব্য করেন।

