নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, ‘আমাদের নেত্রী বেগম জিয়া কারাগারে, আমরা এখানে আস্ফালন করছি, কর্মসূচিতে যাচ্ছি না। আমরা একবার যদি ছাত্র-শ্রমিক যুবক ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামতে পারি এই সরকারের ২৪ ঘণ্টার মধ্যে পতন হবে। কিন্তু আমরা নামছি না ,কারাগারে যেতে চাচ্ছি না। যুক্তি দাঁড় করাচ্ছি নিজেরা নিজেদের মধ্যে যে আমরা অপরহণ হলে নিখোঁজ হয়ে যাবো। একটা কথা বলি সাহসিকতার সাথে রাস্তায় দাঁড়ানো ছাড়া এই সরকারকে অপসারণ করা যাবে না।’
বুধবার জাতীয় প্রেসক্লাবে ৯০র ডাকসু সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত বিএনপির চেয়ারপারসন বেগম জিয়ার মুক্তি এবং তারেক রহমানের বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, ‘বেগম জিয়ার মুক্তির দাবি করলেই মুক্তি হবে না, এটা আমরা জানি। প্রেসক্লাবে সভা-সমাবেশ করলে তাকে মুক্ত করা যাবে না, এটাও আমরা জানি। তারপরও করি আপনাদের ঐক্যবদ্ধ করার জন্য। দেশে ফ্যাসিবাদ চলছে, গায়ের জোরে সরকার দেশ চালাচ্ছে, এই সরকারকে যদি অপসারণ করতে হয়, এদের হাত থেকে যদি রেহাই পেতে হয় তাহলে কার্যকর কর্মকৌশল দরকার।’
নেতাকর্মীদের আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আগামী দিনে আমাদেরকে আন্দোলনের মুখোমুখি হতে হবে, এছাড়া আর কোনো পথ নেই। এই বিষয়টাই নিজে নিজে ভাবেন, এ ছাড়া আর কোনো পথ নেই। এটা করতে পারলেই কেবল বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসবেন এবং আমাদের নেতাকর্মীরা মুক্তি পাবে।’
ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

