সিলেট প্রতিনিধি : সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের পেছনে বিএনপি এবং তারেক রহমান কলকাঠি নাড়ছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, ‘‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনৈক শিক্ষকের সঙ্গে তারেক রহমানের ফাঁস হওয়া ফোনালাপ এর উপযুক্ত প্রমাণ।’’
বুধবার সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ একটি কনভেনশন সেন্টারে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। সিলেট সিটি করর্পোরেশনের নির্বাচনী আচরণবিধির বাধ্যবাধকতা থাকায় নগরীর বাইরে বর্ধিত সভার আয়োজন করা হয়।
মাহবুবুল আলম হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার পর কোটা সংস্কার নিয়ে কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি কাজও শুরু করেছে। এতে কিছুটা সময় লাগবে। তারপরেও এ আন্দোলন কেন? কারা এর পেছন থেকে কলকাঠি নাড়ছেন, সেই বিষয়ে সরকার সতর্ক রয়েছে।
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে হানিফ বলেন, গত সিটি কর্পোরেশন নির্বাচনে হেফাজতকর্মীদের হত্যা করার মতো মিথ্যা প্রচারণা ছড়িয়ে আওয়ামী লীগের প্রার্থীদের পরাজিত করা হয়েছিল। এবার সেই পরিস্থিতি নেই। জনগণ এখন গুজবে বিশ্বাস করে না। তারা আওয়ামী লীগের তথা সরকারের সঙ্গে রয়েছে।
তিনি আরো বলেন, গত নির্বাচনে দলের মধ্যেও কিছু অনৈক্য ছিল, কিন্তু এবার আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। এ কারণে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন নেতা-কর্মীদের মধ্যে প্রাণের সঞ্চার করেছে। এ নির্বাচন নিয়ে শঙ্কার কিছু নেই। জনগণ উন্নয়নের পক্ষে রয়েছে। তাই খুলনা এবং গাজীপুরের মতো সিলেটেও জনগণ নৌকাকে বিজয়ী করবে।
বক্তব্যে তিনি সদ্য বিদায়ী মেয়র ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমালোচনা করেন। তিনি বলেন, শেখ হাসিনার সরকার সিলেটের উন্নয়নে ব্যাপক বরাদ্দ দিলেও আরিফ তা ঠিকমত কাজে লাগাননি। তিনি ইচ্ছামতো লুটপাত করেছেন। শেখ হাসিনার সরকারের টাকা লুটপাট করে কেউ মাফ পাবেন না। দুদকের মাধ্যমে তাদের বিচার হবে বলেও মন্তব্য করেন তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সিলেট অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও ময়মনসিংহ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের যৌথ সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিলেট সিটিতে দলের মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা হক, জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন প্রমুখ।
বর্ধিত এই সভায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সকল ইউনিটের নেতারা এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক উপস্থিত ছিলেন।

