নিজস্ব প্রতিবেদক : নাশকতার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা আরেক মামলায় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে সোমবার ঢাকা মহানগর হাকিম রায়হান উল ইসলামের আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক স ম কাইয়ুম গত ২৬ জুন সুলতান সালাউদ্দিন টুকুকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করেন। ওই দিন আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে রিমান্ড শুনানির জন্য সোমবার দিন ধার্য করে দেন। রিমান্ড শুনানিকালে সুলতান সালাউদ্দিন টুকুকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
আসামিপক্ষে গোলাম মোস্তফা খান, মীনার হোসেন ফারুক রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানি করেন। শুনানিতে তারা বলেন, টুকু নির্দোষ, নিরাপরাধ। ঘটনার সঙ্গে তিনি জড়িত না বা তিনি এ সম্পর্কে অবগত না। আর ওই দিন কোনো অপরাধ সংঘটিত হয়নি। রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে তাকে মামলায় জড়ানো হয়েছে। আমরা তার রিমান্ড বাতিলপূর্বক জামিন প্রার্থনা করছি।
রাষ্ট্রপক্ষে সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাহমুদুর রহমান জামিন নামঞ্জুর করে রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে এক দিনের রিমান্ডের আদেশ দেন।
প্রসঙ্গত, গত ১২ জুন রাতে টুকুকে উত্তরার বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। শাহবাগ থানার একটি মামলায় পুলিশ তাকে রিমান্ডে নেয়। এরপর তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড আবেদন করা হয়।
মামলায় বলা হয়, গত ৬ মার্চ দুপুর ১২টায় বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান করে আসামিরা। তারা বেআইনিভাবে জনসমাবেশ ঘটিয়ে লাঠিসোটা, ইট পাটকেলসহ সরকার বিরোধী বিভিন্ন স্লোগান, যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা ও জনমনে ভীতি সৃষ্টি করে। ওই ঘটনায় ৮ মার্চ ডিবি পুলিশের পরিদর্শক কামরুল ইসলাম শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন।

