নিজস্ব প্রতিবেদক : মালয়েশিয়ার জাতীয় নির্বাচনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন জোট বিজয়ী হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
বৃহস্পতিবার পাঠানো এক অভিনন্দন বার্তায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বাংলাদেশের প্রতি মাহাথিরের বিভিন্ন অবদান ও ব্যক্তিগতভাবে বন্ধুত্বের কথা স্মরণ করেন। আর এই বৈপ্লবিক বিজয়ে অবদান রাখার জন্য মালয়েশিয়ার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে নবনির্বাচিত মাহাথির মোহাম্মদের দীর্ঘায়ু কামনা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
হুসেইন মুহম্মদ এরশাদ আশা প্রকাশ করেন, ২০০৩ সালে ড. মাহাথির মোহাম্মদ স্বেচ্ছায় প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দেওয়ার পর মালয়েশিয়ার অর্থনীতিতে যে বিরুপ প্রভাব পড়েছিল আবারো তার নেতৃত্বে স্বল্প সময়ের ব্যবধানে তা কাটিয়ে ওঠতে পারবে।
‘মাহাথিরের নেতৃত্ব মালয়েশিয়ায় আবারো বাংলাদেশিদের ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য ব্যবস্যাবান্ধব পরিবেশ সৃষ্টি করবে মালয়েশিয়ার নতুন সরকার’- আশা করেন জাপা চেয়ারম্যান।

