নিজস্ব প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ডাকসুসহ সব হল ও শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন হওয়া প্রয়োজন। নির্বাচনের মাধ্যমেই নতুন নেতৃত্ব ওঠে আসবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে সামনে রেখে নতুন নেতৃত্বকে এগিয়ে যেতে হবে। এটাই জাতি প্রত্যাশা করে।
বাণিজ্যমন্ত্রী বুধবার ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) এর সেমিনার হলে হাসুমণির পাঠশালা আয়োজিত ‘তারুণ্য সম্পদ, তারুণ্যই ভবিষ্যৎ : প্রয়োজন আদর্শিক নেতৃত্ব’-শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
এক সময়ের মেধাবী এই ছাত্রনেতা বলেন, আজকের তরুণরাই জাতির সম্পদ। বিগত দিনে সকল গণতান্ত্রিক আন্দোলনে নতুনদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে তরুণ সমাজকে আদর্শবান হতে হবে। সেই আদর্শকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। জাতির জনকের আদর্শ মাথায় ধারণ করতে হবে।
আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতা বলেন, বর্তমান সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সার্স কমিটির মাধ্যমে বর্তমান নির্বাচন কমিশন গঠিত হয়েছে। নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। কমিশনে বিএনপির প্রস্তাবিত ব্যক্তিও আছেন। নির্বাচন কমিশন স্বাধীন। সংবিধান মোতাবেক যথা সময়ে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন অনুষ্ঠান করবে। তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলে লাভ নেই। দেশে আর কোনোদিন তত্ত্বাবধায়ক সরকার আসবে না বলেও মন্তব্য করেন তিনি।
তোফায়েল আহমেদ বলেন, ১৭ মে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এদিন তিনি স্বজন হারানোর বেদনা নিয়ে চোখের জল ফেলে দেশে ফিরেছেন। সেদিন আমরা শ্লোগান দিয়েছিলাম-‘ঝড়-বৃষ্টি আধাঁর রাতে শেখ হাসিনা আমরা আছি তোমার সাথে’। এদিন আমাদের জন্য ঐতিহাসিক। শেখ হাসিনা আওয়ামী লীগের হাল ধরে নিজের জীবন বাঙালি জাতির জন্য উৎসর্গ করেছিলেন। আজ তারই নেতৃত্বে বাংলাদেশ সব সেক্টরে দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এলডিসি থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের কাতারে এসেছে। জাতিসংঘসহ উন্নত বিশ্ব বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে।
হাসুমণির পাঠশালার সভাপতি মারুফা আক্তার পপির সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।
বক্তব্য রাখেন হুইপ ইকবালুর রহিম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোখলেছুর রহমান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন প্রমুখ।

