নিজস্ব প্রতিবেদক : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ করার লক্ষ্যে ৬ দফা দাবি জানিয়েছে প্রগতিশীল জোট। রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে নেতারা যে ছয় দফা দাবি জানান সেগুলো হচ্ছে-নির্বাচনের আগ মুহূর্তে খুন-গুম-হত্যা বন্ধসহ নির্বাচনের তিন মাস পূর্বে নিবন্ধিত রাজনৈতিক দলের দলীয় প্রধানের নিরাপত্তা জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা, নিবন্ধিত দলগুলোর প্রতিনিধি নিয়ে একটি জাতীয় উপদেষ্টা পরিষদ গঠন করা, তত্ত্বাবধায়ক সরকার নয় অরাজনৈতিক সরকারও নয় একটি নির্বাচনকালীন সরকার গঠন করা, এক-এগারোর পূর্বে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছিল সম্প্রতি কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে, কাজেই সাধু সাবধান এবং নিবন্ধিত ও অনিবন্ধিত দলের সাথে জোট করতে পারবে না এ ব্যাপারে নির্বাচন কমিশনকে একটি বিধিমালা করতে হবে।
এ সময় বক্তারা বলেন, ‘স্বাধীনতার ৪৭ বছর পরেও একটি গ্রহণযোগ্য নির্বাচন পদ্ধতি গঠিত না হওয়ায় সত্যিই দুঃখজনক। নির্বাচন নিয়ে এত পরীক্ষা-নিরীক্ষার পর সুষ্ঠু নির্বাচন করা যায়নি বরং এটি আরো জটিল আকার ধারণ করেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্তর্দ্বন্দ্ব এবং পরস্পরের প্রতি দোষারোপের সংস্কৃতি গড়ে উঠেছে। যা এ দেশের জন্য অশনি সংকেত।’
এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে দেশে স্থায়ী একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করা। এ নির্বাচন জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে এবং সেই নির্বাচনে হবে ক্ষমতা হস্তান্তর একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য অবলম্বন।
সংবাদ সম্মেলনে প্রগতিশীল জোটের চেয়ারম্যান ও জাতীয় কর আইনজীবী সমিতির সভাপতি মো. জাকির হোসেনসহ প্রগতিশীল জোটের নেতারা উপস্থিত ছিলেন।

