খুলনা প্রতিনিধি : দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার এবং বাড়িতে বাড়িতে তল্লাশির নামে হয়রানির প্রতিবাদে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারছেন না বলে দাবি করেছেন। তিনি আপাতত গণসংযোগ বন্ধ রেখেছেন।
বৃহস্পতিবার সকালে নগরীর মিয়াপাড়া রোডের বাসভবনে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করে বলেন, ‘বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার ভোর ৫টা পর্যন্ত নগরীজুড়ে পুলিশ ও ডিবির সদস্যরা ধানের শীষের নির্বাচনী প্রচারণায় নিয়োজিত বিভিন্ন পর্যায়ের ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছেন। এ ছাড়া অসংখ্য নেতাকর্মীর বাড়িতে তল্লাশির নামে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। নির্বাচনের কাজে যুক্ত থাকলে পরিণতি ভয়াবহ হবে বলেও ডিবি পুলিশ হুমকি দিয়েছে। এ পরিস্থিতিতে বিএনপির নির্বাচনী প্রচার কার্যক্রম আজ বৃহস্পতিবার বন্ধ রাখা হয়েছে।’
তিনি বলেন, ‘গ্রেপ্তারকৃতদের না ছাড়া এবং আতঙ্কমুক্ত পরিবেশ সৃষ্টি না করা পর্যন্ত বিএনপির নির্বাচনী কার্যক্রম বন্ধ থাকবে।’
দলের নগর শাখার যুগ্ম সম্পাদক ও নির্বাচনী মিডিয়া কমিটির আহ্বায়ক অধ্যক্ষ তারিকুল ইসলাম বলেন, ‘নেতাকর্মীদের গণগ্রেপ্তার এবং পুলিশের হয়রানির প্রতিবাদে এখন তারা রিটার্নিং কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ দাখিলের জন্য যাচ্ছেন। বেলা ১১টায় বিএনপি জরুরি সভা ও ১২টায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।’

