নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়াকে মুক্ত করার লক্ষ্যেই সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করেছে বলে জানিয়েছেন ২০ দল নেতারা। শুক্রবার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত ও ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থী হাসান উদ্দিন সরকারের পক্ষে প্রচারণার সময় জোট নেতারা এ কথা বলেন।
শরিক নেতারা বলেন, গাজীপুরের দেশপ্রেমিক ভোটাররা ব্যালটের মাধ্যমেই প্রমাণ করবেন তারা দেশনেত্রীকে কতটা ভালোবাসেন। বিএনপি ও ২০ দলীয় জোট নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, কোথাও কোথাও ছাত্রলীগ ও পুলিশ যৌথভাবে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন নিপীড়ন করছে।
ধানের শীষের প্রার্থী হাসান উদ্দিন সরকারের পক্ষে এলডিপি, জাগপা, বাংলাদেশ ন্যাপ, জমিয়তে উলামায়ে ইসলাম, ডিএল, লেবার পার্টি, পিপলস্ লীগ, সাম্যবাদী দলের নেতৃবৃন্দ মিল গেইট, বোর্ড বাজার, কলেজ গেইট, জয়বাংলা রোড, বাহার মার্কেটে গণসংযোগ, পথসভা ও প্রচারপত্র বিতরণ করেন।
শরিক নেতারা বলেন, এমন কারাগারে খালেদা জিয়াকে রেখেছে যে কারাগার পরিত্যক্ত ঘোষণা করেছে এই সরকার। ৭৩ বছর বয়সের একজন সম্মানীত নাগরিককে তিলে তিলে মেরে ফেলা হচ্ছে। সুচিকিৎসা থেকেও তিনি বঞ্চিত হচ্ছেন। গাজীপুরের বিবেকবান ভোটারা আগামী ১৫ মে নির্বাচনে এর সঠিক জবাব দেবেন।
২০ দলীয় জোট গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটির সদস্য সচিব ও এলডিপি সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, ডিএলএর সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি, লেবার পার্টি (একাংশ) চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, মাহমুদ খান, সাম্যবাদী দল (এমএল) এর সাধারণ সম্পাদক সাইদ আহম্মেদ, জমিয়তে উলামায়ে ইসলাম সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতী মুহিউদ্দিন ইকরাম, ন্যাপ ঢাকা মহানগর সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু, সাবেক ছাত্রনেতা এমএন শাওন সাদেকী, যুব ন্যাপ যুগ্ম সমন্বয়কারী আবদুল্লাহ আল কাউছারী প্রমুখ।
অন্যদিকে গাজীপুরের জয় বাংলা রোডস্থ বাহার মার্কেটের সামনে এ পথ সভায় ২০ দলীয় জোট প্রার্থী হাসান উদ্দিন সরকারসহ বক্তব্য দেন- বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, ডিএলএর সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি, লেবার পার্টি (একাংশ) চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী, সাম্যবাদী দল (এমএল) এর সাধারণ সম্পাদক সাইদ আহম্মেদ, পিপলস্ লীগ মহাসচিব এডভোকেট সৈয়দ মাহবুব হোসেন, জমিয়তে উলামায়ে ইসলাম সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতী মুহিউদ্দিন ইকরামসহ শরিক দলের স্থানীয় নেতারা।
এ সময় নেতৃবৃন্দ জোট প্রার্থী হাসান উদ্দিন সরকারকে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘এই বিজয় হবে, গণতন্ত্রের বিজয়।’ শনি ও রোববারও জোট সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচার- প্রচারণায় চালাবেন ২০ দলের নেতারা।

