নিজস্ব প্রতিবেদক : গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীদের জোটের শরিকরা সমর্থন দিয়েছে। ফলে গাজীপুরে আওয়ামী লীগের জাহাঙ্গীর আলমের সঙ্গে মনোনয়নপত্র জমা দেয়া জাসদের রাশেদুল হাসান রানা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন।
শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জোটের শরিকদের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান ১৪ দলের মুখপাত্র আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘১৪ দল গাজীপুরে জাহাঙ্গীর আলম এবং খুলনায় তালুকদার আবদুল খালেককে বিজয়ী করতে এক সাথে হয়ে কাজ করবে। যদি কেউ এর মধ্যে বিদ্রোহী প্রার্থী থাকে তাহলে সময়মত তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেবে। একই সাথে ১৪ দল ছোট পরিসরে কমিটি গঠন করে নির্বাচনী এলাকায় কাজ করবে।’
আগামী ১৫ মে দুই মহানগরে ভোট হবে। আগামী জাতীয় নির্বাচনের আগে দুই মহানগরে আওয়ামী লীগ ও বিএনিপর এই লড়াইয়ের দিকে দৃষ্টি থাকবে সারা দেশের। এর মধ্যে গাজীপুরে আওয়ামী লীগের জাহাঙ্গীর আলমের সঙ্গে বিএনপির হাসান উদ্দিন সরকার এবং খুলনায় আওয়ামী লীগের তালুকদার আবদুল খালেকের সঙ্গে বিএনপির নজরুল ইসলাম মঞ্জুর লড়াই হবে।
খুলনায় খালেক ছাড়া আওয়ামী লীগের শরিক অন্য কোনো দল থেকে প্রার্থী নেই। তবে গাজীপুরে জাহাঙ্গীরের পাশাপাশি জাসদের রাশেদুল হাসান রানা মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার প্রার্থিতা বহালও আছে। তবে ২৩ এপ্রিল পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ আছে।
গাজীপুরে জাসদের রানা প্রার্থিতা তুলে নেবেন, সেটা অনুমিতই ছিল। এর আগে ২০১৬ সালের শেষ দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনেও মেয়র পদে প্রার্থী দিয়ে শেষ সময়ে তা তুলে নিয়েছিল জাসদ।
নাসিম বলেন, ‘যেহেতু সিটি করপোরেশনের নির্বাচনগুলো জাতীয় নির্বাচনের আগে, তাই মুক্তিযুদ্ধের চেতনাকে জয় করার জন্য দেশবাসীকে আহ্বান জানাব।’
‘বিএনপি-জামায়াত বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তিকে বারবার উসকে দিতে চেয়েছে। নির্বাচন হচ্ছে জনগণের রায় দেয়ার অধিকার। যারা বারবার চেয়েছিল জনগণের অধিকার ছিনিয়ে নিতে চেয়েছিল তাদেরকে পরাজিত করতে হবে।’
উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী করার জন্য জনগণের প্রতিও আহ্বান জানান ১৪ দলের মুখপাত্র নাসিম।

