চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার মাদারবাড়ি এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক গৃহবধূ খুন হয়েছেন। নিহত গৃহবধূর নাম বালি বেগম (২৬)। শনিবার গভীর রাতে এই ঘটনা ঘটে। একই ঘটনায় নিহতের মা বেবি আক্তার ও ভাই মোহাম্মদ সুমন আহত হয়েছেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মোহাম্মদ আলাউদ্দিন জানান, মাদারবাড়ি এলাকায় দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে একই পরিবারের তিনজনকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। এই সময় কর্তব্যরত চিকিৎসক বালি বেগম নামের এক গৃহবধূকে মৃত ঘোষণা করেন। বালি বেগমকে পেটে ছুরিকাঘাত করা হয়েছে বলে পুলিশ জানায়। আহত অপর দুইজনকে ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
এদিকে ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও জড়িতদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি। নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

