কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লা মহানগরীর রেসকোর্স এলাকায় কলেজছাত্র সাগর দত্তকে গলাকেটে হত্যায় জড়িত আসামি সোহাগ-উর-রহমান রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে রানাকে রাজধানীর কমলাপুর এলাকা থেকে গ্রেপ্তার করে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ।
গত বুধবার সকাল ৬টার দিকে কুমিল্লা মহানগরীর রেসকোর্স এলাকায় মফিজ উদ্দিন সড়কের একটি মেস থেকে কুমিল্লা সরকারি কলেজের ছাত্র সাগর দত্তের কোপানো ও গলাকাটা লাশ এবং তার বন্ধু সজীবকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ।
সাগর দত্ত চান্দিনা উপজেলার শংকর দত্তের ছেলে। এ ঘটনায় গুলিবিদ্ধ সজীবকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন। গ্রেপ্তারের বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাবেন।

