সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর মিরাবাজার খারপাড়া এলাকায় মা ও ছেলে হত্যার ঘটনায় অজ্ঞাতনামা চার/পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। নিহত রোকেয়া বেগমের ভাই জাকির হোসেন বাদী হয়ে রোববার রাতে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন।
তিনি জানান, এ ঘটনার পর থেকে পালিয়ে থাকা কাজের মেয়ে তানিয়ার সন্ধান চালাচ্ছে পুলিশ। তাকে গ্রেপ্তার করা গেলে ঘটনার মূল রহস্য উদঘাটন করা যাবে। তিনি আরো জানান, নিহত মা ও ছেলের লাশের ময়নাতদন্ত ওসমানী মেডিকেল কলেজ মর্গে সম্পন্ন হয়েছে। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হলেও এজাহারে গত কয়েক দিন আগে রোকেয়ার বাসায় হামলা, মোবাইল ছিনিয়ে নেওয়া এবং তাকে মারধরের ঘটনা উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় জড়িত শিপলু, তানিম ও সুমনের নাম উল্লেখ করা হয়েছে। খুনের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।সিলেট নগরীর মিরাবাজার খারপাড়ার বাসা থেকে রোববার দুপুরে রোকেয়া বেগম (৪০) ও তার ছেলে এসএসসির ফলপ্রার্থী রবিউল ইসলাম রোকনের (১৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
ওই দিন সকালে জাকির হোসেন বোনের খোঁজ নিতে এসে ঘরের জানালা দিয়ে লাশ দেখতে পান। এরপর ভবনের মালিক বিষয়টি ওয়ার্ড কাউন্সিলর দিনার খান হাসুকে অবহিত করেন। সকাল ১১টার দিকে পুলিশ ডুপ্লিকেট চাবি দিয়ে বাসা খুলে মা-ছেলের লাশ উদ্ধার করেন। এ সময় লাশের সঙ্গে থাকা ৫ বছরের শিশু রাইসাকে জীবিত উদ্ধার করা হয়।

