গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদ্যুতের তারে জড়িয়ে ও পানিতে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে কোটালীপাড়া উপজেলার গচাপাড়া ও মান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন, কোটালীপাড়া উপজেলার আশুতিয়া গ্রামের সেলিম শেখের ছেলে হামজেলা (৫) ও একই উপজেলার গচাপাড়া গ্রামের মৃত ফটিক মিয়ার ছেলে আওলাদ হোসেন (৫৮)।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামরুল ফারুক জানান, সকালে মান্দ্রা গ্রামের মামা বাড়িতে বেড়াতে গিয়ে অন্য শিশুদের সাথে খেলাধুলা করছিল হামজেলা। এসময় সবার অজ্ঞাতসারে সে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। তাকে না পেয়ে অনেক খোঁজাখুজি করা হয়। দুপুরে পুকুরে ভেসে উঠলে পরিবারের লোকজন উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে, একই উপজেলার গচাপাড়া গ্রামের নিজ বাড়িতে বসে চা পান করার জন্য পানি গরম করতে হিটারে বিদ্যুৎ সংযোগ দিতে যান আওলাদ হোসেন। এসময় অসাবধানতায় বিদ্যুতের তারে তিনি জড়িয়ে পড়েন । পরে পরিবারের লোকজন মারাত্মক আহতাবস্থায় তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

