
যুব উন্নয়ন অধিদপ্তরে আয়োজিত মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সচিব মো. আসাদুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন
নিজস্ব প্রতিবেদক : যুব উন্নয়ন অধিদপ্তর রোববার (১১ মার্চ) ‘মাদকের অপব্যবহার রোধ, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী কর্মকান্ডে যুবদের ভূমিকা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সচিব মো. আসাদুল ইসলাম।
যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সেমিনারে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মোফাজ্জল হোসেন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সঞ্জয় কুমার চৌধুরী, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) আ.ন. আহম্মদ আলী, পরিচালক (বাস্তবায়ন) মো. আখতার আলী সরকার, পরিচালক (দারিদ্র বিমোচন ও ঋণ) মো. এরশাদ-উর রশীদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপ-পরিচালক (বাস্তবায়ন) মো. আতিকুর রহমান।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, যুবদের সার্বিক কল্যাণে জাতীয় যুবনীতি-২০১৭ এর আলোকে বর্তমানে এ্যাকশন প্ল্যান প্রণয়নের কাজ শুরু হয়েছে। এই এ্যাকশন প্ল্যানে মাদকের অপব্যবহার রোধ, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী কার্যক্রমে যুবদের সক্রিয় অংশগ্রহণের লক্ষ্যে তাদেরকে ক্ষমতায়িত করার বিষয়টি প্রাধান্য দেয়া হচ্ছে। যুবদের প্রশিক্ষণ প্রদান ও ঋণ সহায়তা প্রদানের মাধ্যমে তাদের আত্মকর্মী হিসেবে গড়ে তোলা হচ্ছে। এছাড়া তালিকাভুক্ত ১৮ হাজারের অধিক যুব সংগঠনের অংশগ্রহণে জেলা-উপজেলায় জঙ্গি ও সন্ত্রাস বিরোধী কার্যক্রম ও মাদকের অপব্যবহার রোধে বিভিন্ন কর্মসূচি পরিচালিত হচ্ছে।
সেমিনারে বক্তরা প্রায় ১১টি মন্ত্রণালয়ের সমন্বয়ে মাদকের অপব্যবহার রোধ সংক্রান্ত কার্যক্রম এবং জেলা ও উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কমিটিতে যুব প্রতিনিধিদের অন্তর্ভুক্তিকরণের বিষয়ে মতামত ব্যক্ত করেন। তারা বলেন, এসব কমিটিতে যুবদের অন্তর্ভুক্তি করা হলে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী কর্মকান্ডে যুবরা সক্রিয় ভূমিকা পালন করতে পারবে।
দিনব্যাপী আয়োজিত সেমিনারে জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত যুব ও সংগঠক, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষার্থী, আইন-শৃঙ্খলা বাহিনী ও মিডিয়ার প্রতিনিধিসহ যুব উন্নয়ন অধিদপ্তরের মাঠ পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

