ফরিদপুর প্রতিনিধি : ২৯মার্চ ফরিদপুর সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের ভোট। নির্বাচনকে কেন্দ্র করে এখন জনসংযোগে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। বলা যায়, একরকম নির্ঘুম সময় কাটছে প্রার্থীদের। ভোটাররাও প্রার্থীদের আনাগোনার কারণে স্বস্তিতে নেই। ফরিদপুরের ১১টি ইউনিয়নই এখন ভোট হাওয়ায় সরব।
অম্বিকাপুর ইউনিয়নের ভাষানচর এলাকায় রোববার বিকালে ব্যাপক জনসংযোগ করেন বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল চৌধুরী। নির্বাচিত হলে এলাকাকে মাদক ও সন্ত্রাস মুক্ত করার আশ্বাস দিয়ে তিনি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থণা করেন।
অপরদিকে রোববার রাতে গেরদা ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. জাহিদুর রহমান জাহিদ কেশবনগর, বোকাইল ও জামতলা এলাকায় উঠান বৈঠক করে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন। এসময় তিনি অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্ত করার আশ্বাস দেন।
মাচ্চর ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসংযোগ করে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন আওয়ামীলীগ প্রার্থী সরোয়ার হোসেন সন্টু। তিনি বলেন, ‘এলাকার ব্যাপক উন্নয়নের মাধ্যমে মাচ্চরকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।’ রোববার ডিক্রিরচর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী (আওয়ামীলীগের বিদ্রোহী) মেহেদী হাসান মিন্টুও বিভিন্ন এলাকায় ব্যাপক জনসংযোগ চালান।
তফসিল অনুযায়ী আগামী ২৯মার্চ অনুষ্ঠিত হবে ফরিদপুর সদর উপজেলার ১১টি ইউনিয়নের ভোট। গত ১মার্চ ছিল মনোনয়ন দাখিলের শেষ তারিখ। উৎসব মুখর পরিবেশে ওইদিন বিকাল পাঁচটা পর্যন্ত ৪৯৮জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে মোট ৪৮জন, সংরক্ষিত নারী ওয়ার্ডে ১১৬জন ও সাধারণ ওয়ার্ডে ৩৩৪জন মনোনয়ন দাখিল করেন।
চেয়ারম্যান পদে ঈশান গোপালপুরে ৩জন, চরমাধবদিয়ায় ৭জন, নর্থচ্যানেলে ৫জন, আলীয়াবাদ ইউনিয়নে ৪জন, ডিক্রির চরে ৫জন, মাচ্চরে ৬জন, অম্বিকাপুরে ৪জন, কৃষ্ণনগরে ৬জন, কানাইপুরে ৩জন, কৈজুরীতে ৩জন এবং গেরদা ইউনিয়নে ২জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন।

