নিজস্ব প্রতিবেদক : গণতন্ত্রহীনতার কারণে আওয়ামী লীগ একদিন ভেঙে তছনছ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জমান দুদুসহ বন্দীদের মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন নামের একটি সংগঠন। জয়নুল আবেদীন ফারুক বলেন, যেই দেশে রডের বদলে বাঁশ দেওয়া হয়, বাঁশের বদলে কাঠের খড়ি দিয়ে মঞ্চ করা হয়। আর সেই মঞ্চ ভেঙে তছনছ হয়েছে। গণতন্ত্রহীনতার জন্য আওয়ামী লীগও একদিন ভেঙে তছনছ হয়ে যাবে।
তিনি বলেন, খালেদা জিয়া যখন দেশের গণতন্ত্রহীনতাকে গণতন্ত্রে রুপান্তর করার আন্দোলন শুরু করেছেন তখনই একটা মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে পাঠানো হয়েছে। আমাদের দাবি তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। আর তার এই মুক্তির পর দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন।
বিএনপির এই নেতা বলেন, ইতিমধ্যে আমরা নির্বাচন কমিশনে চিঠি দিয়েছি। আমরা বলেছি একজন প্রাক্তন প্রধানমন্ত্রীকে জেলে রেখে আরেকজন সরকারি টাকা খরচ করে আওয়ামী লীগের ভোট চেয়ে বেড়াচ্ছেন। অবিলম্বে এই আচারণ বন্ধ করতে হবে। কিন্তু সেই দিকে লক্ষ্য নাই। এই দেশে আবার বাকশাল তৈরি করার পরিকল্পনা হচ্ছে। এর বিরুদ্ধে নেতা-কর্মীদের সচেতন থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক কাদের গণি চৌধুরী, সহ স্বাস্থ্যবিষয়ক সম্পাদক জাহানারা বেগম, নিবার্হী কমিটির সদস্য আলমগীর হোসেন, জিনাফের সভাপতি মিয়া মোহাম্মদ আনোয়ার, শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম মিয়া প্রমুখ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

