নিজস্ব প্রতিবেদক : ঢাকা ট্যাক্সেস বার আইনজীবী সমিতির ২০১৮-২০১৯ কার্য বর্ষের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৬টি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।
অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত কর আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল ৬টি পদে জয়লাভ করেছে।
নির্বাচনে সভাপতি পদে বিএনপির প্যানেলের অ্যাডভোকেট মো. আব্দুল মতিন আওয়ামী লীগ প্যানেলের সৈয়দ ইকবাল মোস্তফাকে ১২৫ ভোটে পরাজিত করেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে বিএনপির প্যানেলের অ্যাডভোকেট মো. মিজানুর রহমান দুলাল আওয়ামী লীগ প্যানেলের নাসির উদ্দিন আহমেদকে ৮৮ ভোটে পরাজিত করেন।
নির্বাচনে বিএনপি প্যানেলের অপর বিজয়ীরা হলেন, সহ-সভাপতি পদে মো. আব্দুল হাই মোল্লা, মুজিবর রহমান ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক পদে আবু তাহের মো. রাশেদ বাবু, ট্রেজারার পদে আশরাফ হোসেইন খান, লাইব্রেরী সম্পাদক পদে মোতাচ্ছির আহমেদ, সাংস্কৃতিক ও ক্রিড়া সম্পাদক পদে হেলাল-ই আজম, সদস্য পদে মো. আব্দুল্লাহ আল হোসেইন, এবিএম সালাহ উদ্দিন, আবু নাঈম, একেএম আব্দুল আউয়াল, মো. আনোয়ার হোসেইন, আয়েশা সিদ্দিকা, মোহাম্মাদ দুলাল মিয়া ও মো. কামরুল ইসলাম ভূইয়া।
আওয়ামী লীগ প্যানেলের বিজয়ীরা হলেন- সমাজকল্যাণ সম্পাদক পদে আবু সাঈদ, সদস্য পদে মো. আহসান কবীর, আল মামুন, মাসুমা আক্তার, মিজানুর রহমান ও মো. মোজাম্মেল হক।
এবারের নির্বাচনে ৭ হাজার ৫৫৩ জন আইনজীবী ভোটারের মধ্যে ৪ হাজার ৯৯৬ জন ভোট প্রদান করেন। গত ২৫ ও ২৬ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী এই নিবাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বৃহস্পতিবার চূড়ান্ত ফালাফল ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ঢাকা ট্যাক্সেস বার আইনজীবী সমিতির ২০১৭-২০১৮ কার্যবর্ষের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২০টি পদে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠা পেয়েছিল। ওই নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল মাত্র ২টি সদস্য পদে জয়লাভ করে।

