নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দিয়ে ‘সরকার চোরাবালিতে আটকে গেছে’ বলে মন্তব্য করেছেন দলটির নেতা নজরুল ইসলাম খান। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সরকার প্রতিহিংসাপরায়ণ হয়ে খালেদা জিয়াকে কারাগারে দিয়েছে, এ দাবি করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘দেশের মানুষ এটাকে ভালোভাবে নেয়নি। সবাই সরকারের এমন আচরণের নিন্দা জানিয়েছে।’
তিনি আরো বলেন, ‘খুনের মামলায় সাজাপ্রাপ্ত ও দুর্নীতির দায়ে অভিযুক্তরা জামিন পেলেও খালেদা জিয়াকে জামিন দেওয়া হচ্ছে না। অনেক খুনের আসামির আপিল গ্রহণের সাথে সাথেই জামিন হচ্ছে। কিন্তু খালেদা জিয়ার জামিন নথির কথা বলা হচ্ছে।’
এক-এগারোর সময়ে আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন নেতার নামে মামলা হলেও শুধু বিএনপি নেতাদের মামলাগুলো সরকার সচল রেখেছে বলে অভিযোগ করেন দলটির অন্যতম এই নীতিনির্ধারক।
তিনি বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এক-এগারোর সরকার ১৫টি মামলা করেছে। তিনি যখন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তখন তার মাথার ওপর ১৫টি দুর্নীতির মামলা ছিল। কিন্তু সেগুলোকে আদালতের মাধ্যমে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।’
সরকার খালেদা জিয়ার জনপ্রিয়তায় ভীত হয়ে তাকে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছে, অভিযোগ করে নজরুল ইসলাম খান বলেন, ‘খালেদা জিয়া সরকারের সব অন্যায়-অত্যাচারের প্রতিবাদ করেন, গণতন্ত্রের জন্য আন্দোলন করছেন, তাই বর্তমান সরকারের প্রতিহিংসার শিকার হয়েছেন।’
জাতীয় পার্টিতে বিএনপির বেশ কয়েকজন নেতা যোগ দিচ্ছেন বলে দলটির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের দেওয়া বক্তব্যের সমালোচনা করে তিনি।
হুসেইন মুহম্মদ এরশাদের প্রতি প্রশ্ন রেখে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘কয়জন বিএনপির সিনিয়র নেতা বা কর্মী আপনাদের দলে যোগ দিয়েছেন? আমি স্পষ্ট করে বলতে চাই, খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ।’
আয়োজক সংগঠনের সভাপতি জাহানারা সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

