নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জ পৌরসভার মেয়র, আওয়ামী লীগের তৎকালীন জাতীয় পরিষদের সদস্য এবং জেলা আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক মো. আয়ুব বখ্ত জগলুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
বৃহস্পতিবার এক শোকবাণীতে মন্ত্রী বলেন, মো. আয়ুব বখ্ত জগলুলের মৃত্যুতে জাতি একজন নিবেদিত প্রাণ রাজনীতিক ও দেশপ্রেমিককে হারাল। প্রবীণ এ রাজনীতিক রাজনীতির অঙ্গনে উজ্জ্বল ভূমিকা রেখে গেছেন। তার অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।
তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য, মো. আয়ুব বখ্ত বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর একটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

