নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘জনতার ঢলের কাছে ওবায়দুল কাদেরের লাঠিবাহিনী, পিস্তলবাহিনী টিকতে পারেনি।’
তিনি বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য জনগণ আসবে কেন, লাখো মানুষের ঢল হবে কেন- এটা সরকারের প্রতিহিংসার জ্বালা। তাই ছাত্রলীগ, যুবলীগকে লেলিয়ে দেওয়া হয়েছে।’
সোমবার দুপুরে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন। কক্সবাজার যাওয়ার পথে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
পাদুয়ার বাজার, চান্দিনা ও কুমিল্লায় ওবায়দুল কাদেরের লেলিয়ে দেওয়া বাহিনী লাঠিসোটা নিয়ে আক্রমণ করেছে উল্লেখ করে রিজভী বলেন, ‘জনতার ঢলের কাছে ওই লাঠিবাহিনী, পিস্তলবাহিনী টিকতে পারেনি। তাই এগিয়ে গেছে বিএনপির চেয়ারপারসনের গাড়িবহর।’
গণমাধ্যমের গাড়িতে হামলা করে আওয়ামী লীগ বেকায়দায় পড়ে গেছে মন্তব্য করে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘সন্ত্রাসীদের কাছে কোনো কিছুর সম্মান থাকে না। তাই তারা গণমাধ্যমের গাড়িতেও হামলা চালিয়েছে। যার ফলে আওয়ামী লীগের কোনো মিথ্যাচার এখন ধোপে টিকছে না।’
আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সংগঠনের সাধারণ সম্পাদক সাদেক খান, জিনাপের সভাপতি মিয়া মো. আনোয়ার প্রমুখ।

