ঢাকাWednesday , 18 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেষ হলো ৩দিনের খাদ্য মেলা
প্রথম পুরস্কার বিএডিসি’র

Link Copied!

খাদ্য মেলায় প্রথম স্থান অর্জনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র ব্যবস্থাপক (উদ্যান) মোস্তফা সালামের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পিপিসি) মোহাম্মদ নজমুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খামারবাড়িতে আজ বুধবার (১৮ অক্টোবর) শেষ হলো ৩দিনের খাদ্য মেলা। বিশ্ব খাদ্য দিবস-২০১৭ উপলক্ষে এ মেলার আয়োজন করে কৃষি মন্ত্রণালয়। আ. কা. মু. গিয়াস উদ্দীন মিলকী অডিটোরিয়াম চত্বরে এ মেলা চলে। মেলায় সরকারি বেসরকারি ৫৭টি স্টল অংশ নেয়। কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পিপিসি) মোহাম্মদ নজমুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেন।
খাদ্য মেলায় আধুনিক কৃষি প্রযুক্তির বিভিন্ন মডেল, হাইব্রিডসহ উন্নত জাতের মানসম্পন্ন ফসলের বীজ, বিভিন্ন ফলমূল ও শাকসবজি প্রদর্শন করে প্রথম স্থান অধিকার করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দ্বিতীয় ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট তৃতীয় স্থান অর্জন করে। এছাড়াও মেলায় অংশগ্রহনকারী অন্যান্য প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রধান অতিথি মোহাম্মদ নজমুল ইসলাম বলেন, আগামীতে আরো বৃহত্তর পরিসরে খাদ্য মেলার আয়োজন করা হবে। প্রতিযোগিতামূলকভাবে সকলে মেলায় অংশগ্রহণ করবেন। আরও বেশি প্রতিষ্ঠান যেন মেলায় অংশগ্রহণ করে তাদের প্রযুক্তি প্রদর্শন করতে পারে সেজন্য কৃষি মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করে যাবে।
কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. ভাগ্য রানী বণিক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. গোলাম মারুফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার উইংয়ের পরিচালক মিজানুর রহমান। এবারের বিশ্ব খাদ্য দিবসের প্রতিপাদ্য ছিল ‘অভিবাসনের ভবিষ্যৎ বদলে দাও, খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ উন্নয়নে বিনিয়োগ বাড়াও’।
উল্লেখ্য, গত ১৬ অক্টোবর প্রধান অতিথি হিসেবে খাদ্যমেলার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। দিবসটি উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ অডিটরিয়ামে প্রতিপাদ্যের ওপর সেমিনারের আয়োজন করা হয়েছিল। কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্র সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান বক্তা ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এমপি। সম্মানিত অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. মকবুল হোসেন এমপি ও এফএও বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রতিনিধি ডেভিড ডব্লিউ ডোলন।