নিজস্ব প্রতিবেদক : গতকাল ১৭ অক্টোবর (মঙ্গলবার) রাজধানীর মিরপুরস্থ বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)’র নতুন বীজ পরীক্ষাগারের কনফারেন্স রুমে ডাল ও তৈলবীজ প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ এবং মান নিয়ন্ত্রণ শীর্ষক দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ বুধবার এ কর্মশালা সমাপ্ত হয়েছে।
বিএডিসি’র ডাল ও তৈলবীজ প্রকল্প কর্তৃক আয়োজিত এ প্রশিক্ষণে সংস্থার সদর দপ্তর ও মাঠ পর্যায়ের ৩০ জন যুগ্মপরিচালক, উপপরিচালক, সিনিয়র সহকারী পরিচালক ও সহকারী পরিচালক অংশগ্রহণ করেন। এগ্রো সার্ভিস সেন্টারের মহাব্যবস্থাপক মো. নূরনবী সরদার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।
প্রশিক্ষণে ‘ড্রাইং বিড্স’-এর মাধ্যমে বিভিন্ন ফসলের বীজ শুকানোর নতুন প্রযুক্তি প্রয়োগের উপর গুরুত্বারোপ করা হয়। এ বিষয়ে প্রশিক্ষক হিসেবে কাজ করেন আপসা (APSA)’র স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মি. জোহান ভ্যান এসব্রুস। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাল ও তৈলবীজ প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন, সবজি বীজ প্রকল্পের প্রকল্প পরিচালক মুসতাক আহমেদ, বীজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ বিভাগের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় বীজ পরীক্ষাগারের যুগ্মপরিচালক মো. ওবায়দুল ইসলাম।

