নিজস্ব প্রতিবেদক : সরকার প্রধান বিচারপতির বেহাল অবস্থা করে বিচার বিভাগের সম্মান, মর্যাদা ও ভাবমূর্তি নস্যাৎ করে দিয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ভবিষ্যতে এমটা আরও ঘটবে।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। ‘চলমান সংকটের সমাধান কোন পথে’ শীর্ষক এই গোলটেবিলের আয়োজন করে ডেমোক্রেটিক মুভমেন্ট।
প্রধান বিচারপতির ছুটিতে যাওয়ার কথা উল্লেখ করে মওদুদ বলেন, ‘প্রধান বিচারপতির বিরুদ্ধে নালিশের প্রধান একটা কারণ হলো তিনি বলেছিলেন যে, দেশের স্বাধীনতা একজনের জন্য হয়নি, সব মানুষের জন্য হয়েছে। এজন্যই এত বিদ্বেষ, এত ক্ষোভ।’
দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে হতাশা ব্যক্ত করে তিনি বলেন, ‘কেন আমরা এই ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, গণ-অভ্যুত্থান, আগরতলা ষড়যন্ত্র মামলা আন্দোলন আর মুক্তিযুদ্ধ করলাম, কেন করেছি? একটা বিরাট আশা নিয়ে করেছিলাম যে, দেশ প্রাণচঞ্চল থাকবে, মৌলিক অধিকার থাকবে, কার্যকর একটা সংসদ থাকবে।’
রোহিঙ্গা সংকটের কথা তুলে ধরে মওদুদ বলেন, ‘সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণেই রোহিঙ্গা অনুপ্রবেশ এখনো চলছে। এমনিতেই আমরা একটা মার্জিনাল ইকোনোমিক স্টেট (প্রান্তিক অর্থনৈতিক রাষ্ট্র)। তবুও আমাদের মধ্যে রয়েছে মানবতাবোধ। এজন্য রোহিঙ্গাদের সেবা ও দেখাশোনার ব্যবস্থা করেছি।কিন্তু তাদের অনুপ্রবেশ তো বন্ধ করতে হবে।’
মিয়ানমার ও বাংলাদেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ করার সিদ্ধান্তের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এতে করে কোরেনা লাভ হবে না। জাতিসংঘকে সরাসরি জড়িত করতে হবে। রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে যারা উগ্রবাদী আছে তারা নৈরাজ্য করতে পারে, এ অবস্থায় তারা একটা সুযোগ নিতে পারে। একদিকে তাদের সেবা করবো অন্যদিকে তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে।’
মওদুদ বলেন, ‘আজকে এই রোহিঙ্গা সংকট একটা জাতীয় সংকট, দলীয় সংকট নয়। সরকার সবসময় মনে করে তাদের দলীয় সংকট। আমরা মনে করি সরকার এককভাবে চেষ্টায় ব্যর্থ, সরকারি দল ও সরকারি দলের বাইরে আরও যত দল আছে তাদের সঙ্গে আলোচনার প্রচেষ্টা নিলে আন্তর্জাতিক সমর্থন আরও বেশি পাবে। কিন্তু সরকার আন্তর্জাতিকভাবে বোঝাতে পারছে না। কারণ তারা (আর্ন্তজাতিক বিশ্ব) জানে যে আপনারা (সরকার) দুর্বল। তারা জানে যে আপনারা নির্বাচিত সরকার নন। এই দুর্বলতার কারণেই কিন্তু আজকে এই কূটনৈতিক ব্যর্থতা।’
সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘দেশের জনগণকে ঐক্যবদ্ধ করুন। আসুন আমরা সহযোগিতা করবো। এই সংকট সমাধানের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি।’
গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ডেমোক্রেটিক মুভমেন্টের সভাপতি শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।

