পাবনা প্রতিনিধি : নিখোঁজের তিনদিন পর পাবনার ঈশ্বরদী থেকে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুর ১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। অটোচালকের নাম তোতা মিয়া (২৫)। তিনি পাবনা পৌর শহরের শিবরামপুর জলিল হাজি রোড এলাকার লোকমান মোল্লার ছেলে।
সহকারী পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) মো. জহুরুল হক জানান, ঈশ্বরদী-পাবনা আঞ্চলিক সড়কের ঈশ্বরদী উপজেলার ছিলিমপুর বাজারের কাছে রাস্তার পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
সহকারী পুলিশ সুপার আরো জানান, তিনদিন আগে পাবনা থেকে নিখোঁজ হন অটোরিকশা চালক তোতা। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। আজ স্বজনরা গিয়ে লাশ শনাক্ত করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

