
ন্যাশনাল সার্ভিস কর্মসূচির ৫ম পর্বের উদ্বোধন করছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এবং পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম
নিজস্ব প্রতিনিধি : ন্যাশনাল সার্ভিস কর্মসূচির ৫ম পর্বের কার্যক্রম শুরু হয়েছে। দারিদ্র ম্যাপ অনুসারে দেশের ১৫টি জেলার ২৪টি উপজেলায় বাছাইকৃত ৩৭ হাজার ৫৮৮ জন সুবিধাভোগীর অংশগ্রহণে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির ৫ম পর্বের কার্যক্রম বাস্তবায়িত হবে বলে জানা গেছে।
গত ২৩ সেপ্টেম্বর জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে আয়োজিত সরকারের ন্যাশনাল সার্ভিস কর্মসূচির ৫ম পর্বের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম। স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল সার্ভিস কর্মসূচির পরিচালক আবুল হাছান খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম হীরা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নাহিম রাজ্জাক, জামালপুর জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, জেলা প্রশাসক আহমেদ কবীর, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও পুলিস সুপার মো. দেলোয়ার হোসেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি অনুযায়ী ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় এ পর্যন্ত দেশের ২৮টি জেলার ৬৪টি উপজেলায় ১ লাখ ১১ হাজার ৬৯৯ জন যুব ও যুব নারীকে প্রশিক্ষণ প্রদান করে অস্থায়ী কর্মসংস্থানে নিযুক্ত করা হয়েছে। ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ সুবিধাভোগীদের ব্যাপক অংশগ্রহণ সরকারি বিভিন্ন বিভাগে কর্মচাঞ্চল্য সৃষ্টিসহ সেবার পরিধি এবং মান বৃদ্ধি করেছে।
পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, ন্যাশনাল সার্ভিস কর্মসূচি সরকার ঘোষিত টেকসই উন্নয়ন ও অগ্রাধিকারভিত্তিক একটি কার্যক্রম। ন্যাশনাল সার্ভিস কর্মসূচির মাধ্যমে একদিকে যুবদের কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে বেকারত্ব দূরীকরণ ও দারিদ্র বিমোচনে মাইলফলক হিসেবে কাজ করছে।

