চট্টগ্রাম প্রতিনিধি : রোববার সকাল থেকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। এদিকে নির্বাচন শুরুর তিন ঘণ্টার মধ্যেই ব্যাপক কারচুপি, এজেন্টদের বের করে দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বয়কট করেছেন বিএনপি দলীয় প্রার্থী এসএম ফোরকান। বেলা ১১টার পর সংবাদ সম্মেলন করে তিনি ভোট বর্জন করার ঘোষণা দেন।
কর্ণফুলী উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন- আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফারুক চৌধুরী, বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী এসএম ফোরকান, ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর কবির রিজভী।
সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। বেলা ১১টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে বেলা ১১টার পর বিএনপি দলীয় প্রার্থী এসএম ফোরকান সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, বিভিন্ন ভোট কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকরা অনিয়ম কারচুপির মাধ্যমে ব্যালট বাক্স ভর্তি করছেন। এমন অভিযোগে নির্বাচন বর্জন করার ঘোষণা দেন বিএনপি প্রার্থী এসএম ফোরকান।
নৌকা প্রতীকের আওয়ামী লীগ প্রার্থী ফারুক চৌধুরী বলেন, ‘বিএনপি প্রার্থী নিশ্চিত পরাজয় জেনেই কৌশলে নির্বাচন থেকে সরে গেছেন।’
কর্ণফুলী উপজেলা নির্বাচনের সহকারী রির্টানিং অফিসার ছৈয়দ আবু ছাঈদ জানান, নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচনে বিপুল সংখ্যক পুলিশ, আনসার, র্যাবের পাশাপাশি বিজিবিও দায়িত্ব পালন করছে।

