নিজস্ব প্রতিবেদক : কর্তৃত্ববাদী মনোভাব নিয়ে সরকারবিরোধী রাজনৈতিক দলকে জুলুম উৎপীড়নের নতুন নতুন পন্থা অবলম্বন করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।
বরিশালের মুলাদী উপজেলার সদর ইউনিয়ন এবং মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়ন বিএনপি সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে হামলার অভিযোগ তুলে গণমাধ্যমে এই বিবৃতি দেন বিএনপি মহাসচিব।
ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান কর্তৃত্ববাদী আওয়ামী সরকার দেশের গণতান্ত্রিক রীতি-নীতিকে ভুলন্ঠিত করে জুলুম উৎপীড়নের নতুন নতুন পন্থা অবলম্বন করে একের পর এক গণবিরোধী পদক্ষেপ গ্রহণ করছে।’
তিনি বলেন, ‘ক্ষমতার সিংহাসন টিকিয়ে রাখতে শাসকগোষ্ঠী দেশের বৃহত্তম ও জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপিসহ অন্যান্য বিরোধীদলগুলোকে নিশ্চিহ্ন করতে চায়। প্রায় প্রতিদিনই নেতা-কর্মীদের ওপর হামলা, গ্রেপ্তার এবং তাদের নামে বানোয়াট মামলা দায়েরের মাধ্যমে নাজেহাল করছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘জনবিচ্ছিন্ন সরকারের উদ্দেশ্যই হচ্ছে গণতন্ত্রকামী মানুষের সংগ্রামী চেতনাকে স্তব্ধ করে রাখা। কিন্তু ইতিহাস বলে-শত জুলুম, অত্যাচার ও নির্যাতন করেও মুক্তিকামী জনগণের দুর্বার আন্দোলনকে দাবিয়ে রাখা যায় না।’

