নিজস্ব প্রতিবেদক : আদালতকে অসহযোগিতা করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন কেন বাতিল করা হবে না- তার কারণ দর্শানোর জন্য আইনজীবীদের নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজারস্থ কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আকতারুজ্জামান ৩০ মিনিটের মধ্যে খালেদা জিয়ার আইনজীবী আব্দুর রেজ্জাক খানকে এর কারণ দর্শাতে নির্দেশ দিয়েছেন।
এদিন মামলার অপর দুই আসামি প্রাক্তন এমপি কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী সরফুদ্দিন আহমেদের পক্ষে মামলায় সাফায় সাক্ষীর দিন ধার্য ছিল। কিন্তু তারা এ দিন সাফায় সাক্ষ্য না দেওয়ায় কাজী সালিমুল হক কামালের পক্ষে আইনজীবী মিজানুর রহমান এবং সরফুদ্দিনের পক্ষে কাজী মনিরুল হুদাকে আদালতকে অসহযোগিতা করার কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।
এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে হাজির না হওয়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার মামলাটিতে খালেদা জিয়ার আত্মপক্ষ শুনানির দিন ধার্য ছিল। কিন্তু চিকিৎসার জন্য খালেদা জিয়া দেশের বাইরে থাকায় আদালতে হাজির হতে পারেননি।
এদিকে খালেদা জিয়া জামিনের অপব্যবহার করে বিদেশে গিয়েছেন বলে তার জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল।

