সিলেট প্রতিনিধি : ভারি বর্ষণে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ পাকা রাস্তাগুলো ভেঙে গেছে। অনেক সড়কের পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এ সব গর্তে পানি জমে যায়। ফলে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
স্থানীয়রা জানান, পৌর সদর থেকে ঢাকাদক্ষিণ, ঢাকাদক্ষিণ-মোগলা বাজার, ঢাকাদক্ষিণ-ভাদেশ্বর, গোলাপগঞ্জ-শিকপুরসহ উপজেলার প্রায় সব রাস্তা ভেঙে গেছে। কোথাও সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এ সব গর্ত সৃষ্টি হওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে এসব গর্তে পড়ে যানবাহন নষ্ট হয়ে রাস্তার ওপর আটকে থাকে। ফলে সৃষ্টি হয় যানজট। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকতে হয় যাত্রীদের।
এ ছাড়া উপজেলার আঞ্চলিক সড়কগুলোর একই অবস্থা। বুধবারীবাজারের কুশিয়ারা নদী ডাইক রাস্তাটি ভেঙে মরণ ফাঁদে পরিণত হয়েছে। তা ছাড়া কটলীপাড়া ভায়া বসন্তপুর রাস্তাটির অবস্থা বেহাল। চন্দপুর আল এমদাদ উচ্চ কলেজের রাস্তা ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমান জানান, গোলাপগঞ্জ উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিডি) আওতাধীন ২২৭টি পাকা সড়কের এখন বেহাল অবস্থা। এ সব গুরুত্বপূর্ণ রাস্তাগুলো মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।

